শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সপ্তাহভর ভিজবে উত্তর-দক্ষিণ!

Photo: file photo

ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ফের আবহাওয়ার বদল ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার পর্যন্ত সেই বৃষ্টির দাপট চলবে। চলতি সপ্তাহে মোটের উপরে কেমন থাকবে আবহাওয়া কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার পথে শক্তিবৃদ্ধি করছে। এর ফলে সোমবার, ২১ সেপ্টেম্বর তা নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আর মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারপরে সেটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বুধবার, ২৩ সেপ্টেম্বর সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের কাছে পৌঁছতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় সমুদ্রও উত্তাল হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।


মঙ্গলবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতায় সন্ধ্যার দিকে মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

সোমবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মঙ্গলবার উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, বালুরঘাটে চাঞ্চল্য

বুধবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।