শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকালে এজেসি বোস রোডের উপরে মল্লিকবাজারের তিনতলা বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকলমন্ত্রীও ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে ওই বহুতল থেকে সমস্ত বাসিন্দাকেই নিরাপদে দমকল ও পুলিশ আধিকারিকেরা বের করে আনেন।
স্থানীয় সূত্রের খবর, মল্লিকবাজারের মধুসূদন মার্কেট সংলগ্ন এলাকার একটি তিন তলা বাড়ির নীচের তলায় থাকা কাপড়ের গুদামে হঠাৎই আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা প্রথমে সেই আগুন দেখতে পান। তৎক্ষণাত দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
গুদামের ভিতরে প্রচুর পরিমাণে কাপড় ও দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ভয়াবহ রূপ নেয়। ওই বাড়ির অন্যান্য তলাগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাটি ঘিঞ্জি এবং রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়। স্থানীয় মানুষ বাড়ি ও দোকান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান, কাপড়ের গুদাম থেকেই আগুন লেগেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকেরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পরে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। গুদাম এবং বাড়িতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না সেটাও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে ইবি, মূল্যবৃদ্ধি রুখতে একাধিক বাজারে অভিযান
তবে অনুমান করা হচ্ছে, গুদামে মজুত দাহ্য বস্তু থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে।