টাকি পৌরসভায় সিআইডির তদন্ত, নথি খতিয়ে দেখছেন ১০ সদস্যের প্রতিনিধি দল

টাকি পৌরসভায় দুর্নীতি ও কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগের তদন্তে নামল সিআইডি। কলকাতা হাই কোর্টের নির্দেশে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল পৌরসভায় গিয়ে তদন্ত শুরু করেছে। বেশ কয়েক ঘণ্টা ধরে পৌরসভার ভিতরে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ দাস এই অভিযোগে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, টাকি পৌরসভায় বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং কয়েক কোটি টাকা তছরুপ করা হয়েছে।

এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে গত ৭ অক্টোবর হাই কোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দেয় বলে জানা গিয়েছে। পাশাপাশি, পৃথকভাবে আরও একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের নির্দেশও দিয়েছিল আদালত।


আদালতের সেই নির্দেশ মেনেই এ দিন টাকি পৌরসভায় পৌঁছয় সিআইডির ১০ সদস্যের প্রতিনিধি দল। পৌরসভার বিভিন্ন নথি খতিয়ে দেখার পাশাপাশি অভিযোগ সংক্রান্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তদন্তে এখনও পর্যন্ত কী কী তথ্য উঠে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।