স্বাস্থ্যসাথী প্রকল্পে টিপিএ’র দরপত্র খারিজ, কাজে অনিয়ম-ফাঁকির অভিযোগ

Swasthya Bhavan Photo-ANI

পালাবদলের পর প্রকল্পের বদলও ঘটেছে পশ্চিমবঙ্গে। স্বাস্থ্যসাথীর জায়গায় এসেছে আয়ুষ্মান ভারত। আবার যাঁরা এই প্রকল্প পাওয়ার যোগ্য নন তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এবার আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় টিপিএ কাকে করা হবে সেটা নির্ধারণ করতে দরপত্র আহ্বান করল স্বাস্থ্যভবন। সেখানে তৃণমূল জমানায় স্বাস্থ্যসাথীর টিপিএ-র দায়িত্বে থাকা একটি বেসরকারি সংস্থার দরপত্র খারিজ করে দিল স্বাস্থ্যদপ্তর। কারণ তৃণমূল জমানায় সংশ্লিষ্ট সংস্থা একেবারেই ‘সন্তোষজনক কাজ করেনি’ এবং ‘চূড়ান্ত অনিয়ম’ করেছে বলে অভিযোগ তুলে তাদের দরপত্র খারিজ করা হয়েছে বলে সরকারি নির্দেশে জানানো হয়েছে।

এদিকে দেশের অন্যতম পরিচিত টিপিএ সংস্থা ‘মেডি অ্যাসিস্ট ইনসিওরেন্স টিপিএ প্রাইভেট লিমিটেড’। এই সংস্থার সঙ্গে জড়িত ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। তারা এই দরপত্র প্রকাশের পর আবেদন করেছিল বলে খবর। কিন্তু কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগ ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র অধীন ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি বাছাইয়ের উচ্চপর্যায়ের ই-টেন্ডার প্রক্রিয়া থেকে এই সংস্থাটিকে ছেঁটে ফেলল স্টেট হেলথ এজেন্সি। আটটি সংস্থা দরপত্র প্রদান করেছিল। তার মধ্যে তৃণমূল জমানার সংস্থা এবং আরও একটি সংস্থাকে বাদ দিয়ে বাকি ৬টি সংস্থার দরপত্র গৃহীত হয়েছে। তাদের আর্থিক বিডে অংশ নেওয়ার জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্যভবন সূত্রে খবর, পূর্বে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি হিসেবে দায়িত্ব পালনে মেডি অ্যাসিস্টের ভূমিকা সন্তোষজনক ছিল না। তাদের কাজকর্ম নিয়ে গুরুতর অনিয়ম স্বাস্থ্যকর্তাদের নজরে এসেছিল। স্টেট হেলথ এজেন্সির পর্যবেক্ষণ, সরকারি প্রকল্পের গাইডলাইন এবং নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রে একাধিকবার ব্যর্থ হয়েছে ওই সংস্থা। সরকারি স্বাস্থ্য পরিষেবার স্বচ্ছতা রক্ষা এবং উপভোক্তাদের স্বার্থ সুরক্ষিত রাখার ক্ষেত্রে কোনও শিথিলতা না দেখিয়ে সংস্থাকে নতুন নিয়োগ প্রক্রিয়ার দৌড় থেকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন। গত ৯ অক্টোবর দরপত্র দাতাদের উপস্থিতিতে টেকনিক্যাল বিড খোলা হয়। যাচাইকরণ এবং মূল্যায়ন পর্বে মেডি অ্যাসিস্টকে প্রশাসনিক কারণে বাতিল করা হয়। আর ‘ভোলো হেলথ ইনসিওরেন্স টিপিএ প্রাইভেট লিমিটেড’ সংস্থাকেও বাদ পড়ে।


তাছাড়া মোট ৬টি সংস্থাকে রাখা হয়েছে প্রতিযোগিতার দৌড়ে। এদের মধ্যে ঝাড়াই বাছাই করা হবে। এই ৬টি সংস্থা হল-হেলথ অ্যাসিস্ট ইনসিওরেন্স টিপিএ, হেলথ ইন্ডিয়া ইনসিওরেন্স টিপিএ, হেরিটেজ হেলথ ইনসিওরেন্স টিপিএ, এমডি ইন্ডিয়া হেলথ ইনসিওরেন্স টিপিএ, মেডসেভ হেলথ ইনসিওরেন্স টিপিএ এবং ভিডাল হেলথ ইনসিওরেন্স টিপিএ। তবে নতুন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের রাজ্য সম্পাদক ডাক্তার রাজীব পাণ্ডে। তিনি বলেন, ‘ওই সংস্থার বিরুদ্ধে আগের জমানায় আর্থিক অনিয়মে যুক্ত থাকার অভিযোগ আছে। রাজ্য সরকার উচিত কাজ করেছে।’