‘স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি’, আচমকা সুর পাল্টালেন নির্যাতিতা

PIC- STATESMAN

স্বরূপ বিশ্বাসকে বিরুদ্ধে হওয়া শ্লীলতাহানির মামলায় নতুন মোড়। অভিযোগকারী মেকআপ আর্টিস্ট সিমরন পাল এখন বলছেন, স্বরূপ বিশ্বাস তাঁর শ্লীলতাহানি করেননি। তাঁর মতে, দু’জনের কোনও সামনাসামনি দেখাও হয়নি।

সিমরন শুক্রবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে করা মামলাটি তিনি তুলে নিয়েছেন। আর তারপরেই সিনে মহলে শুরু হয়েছে তোলপাড়।

২০২৬ সালের জুনে শ্লীলতাহানি, তোলাবাজি এবং অস্ত্র আইনে অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সেই মামলায় সিমরনের অভিযোগ ছিল একটি বড় ইস্যু।


সিমরন বলেছেন, কিছু মানুষের কথায় বিশ্বাস করে তিনি স্বরূপের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাঁর মতে, তিনি কখনও বলেননি যে স্বরূপ বিশ্বাস তাঁর শ্লীলতাহানি করেছেন। তিনি আরও বলেছেন, যে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল, সেটি তাঁর নিজের লেখা নয়।

সিমরন বলেছেন, স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর কোনও পরিচয় নেই। তিনি বলেছেন, ‘না আমি ওনাকে চিনি, না উনি আমাকে চেনেন।’

সিমরনের মতে, নিউ আলিপুর থানায় তাঁর বয়ানে মূলত শান্তনু দে এবং বাপি মালাকারের বিরুদ্ধে অভিযোগের কথা ছিল। তিনি বলেছেন, ওই ব্যক্তিরা তাঁকে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিলেন এবং গুলি করার ভয় দেখিয়েছিলেন।

সিমরন জানিয়েছেন, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে করা মামলা তিনি তুলে নিয়েছেন। তিনি স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমাও চেয়েছেন। সিমরন বলেছেন, ‘আমার জন্য স্বরূপ বিশ্বাস অকারণে জেল খেটেছেন। কিছু না করেই এত বড় একটা বদনাম ওনার হয়েছে। তার জন্য স্বরূপ বিশ্বাসের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। পারলে ছোট বোন মনে করে আমাকে মাফ করে দেবেন।’

তবে সিমরন জানিয়েছেন, তিনি আর কোনও ঝামেলা বা অশান্তিতে জড়াতে চান না। তিনি এখন শুধু নিজের কাজেই মন দিতে চান।