বিকাশ ভবনে প্রথম পা রাখলেন শুভেন্দু অধিকারী

Image: SNS

রাজ্যের শিক্ষা দপ্তরে বিকাশ ভবনের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সাক্ষী থাকল সোমবার। স্মরণাতীত কালে কোনও মুখ্যমন্ত্রী  শিক্ষার সদর দপ্তরে পা রেখেছেন কি না মনে পড়ে না।   মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম  বিকাশ ভবনে পা রাখলেন শুভেন্দু অধিকারী।

সোমবার বিকেল ৫টা ৫ মিনিট নাগাদ বিকাশ ভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। পরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।


সূত্রের খবর, বৈঠকে শিক্ষাক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের সমন্বয় আরও জোরদার করা, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন, কেন্দ্রীয় সহায়তায় চলা প্রকল্পগুলির বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়েও আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। রাজ্যের শিক্ষা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বিকাশ ভবনে কোনও মুখ্যমন্ত্রীর এই সফরকে প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।