দুর্গাপুজো আর একমাসও বাকি নেই। আর এই উৎসবের মরশুমের প্রাক্কালেই রাজ্যের বিপুল পরিমাণ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং পার্শ্বশিক্ষকদের জন্য বড় বেতন বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। অক্টোবর মাসেই দুর্গাপুজো। তার আগেই এমন সুখবর পেয়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে শিক্ষাকর্মী এবং পার্শ্বশিক্ষকদের মধ্যে। স্কুল শিক্ষাদপ্তরের প্লানিং অ্যান্ড বাজেট শাখার পক্ষ থেকে প্রকাশিত এক নির্দেশিকায় এই ‘বেতন বৃদ্ধির’ সুখবর জানানো হয়েছে। বৃহস্পতিবার এই বেতন বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং পার্শ্বশিক্ষকদের মধ্যে।
রাজ্য মন্ত্রীসভা আগে এই সিদ্ধান্ত নিয়েছিল। তারপর তা রাজ্যপালের অনুমোদন পেতেই বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে এই বেতন বৃ্দ্ধি বৃহস্পতিবার ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী, বেশিরভাগ পদের ক্ষেত্রেই একধাক্কায় ৫,০০০ থেকে ৬,০০০ টাকা মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে। তার ফলে প্রাথমিক স্তরের প্যারা টিচার এবং এসএসকে-র সহায়কদের বেতন ১১,৯৪১ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬, ৯৪১ টাকা হল। উচ্চ প্রাথমিকের প্যারা টিচার এবং এমএসকে-র শিক্ষকদের বেতন ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে ২০,৫২৩ টাকা হল। শিক্ষাবন্ধুদের নতুন বেতন ১৪,৯৫৪ টাকা এবং স্পেশাল এডুকেটরদের ১৯,৯২৪ টাকা। আর আংশিক সময়ের উচ্চমাধ্যমিক শিক্ষকদের নতুন বেতন ২০,২১৮ টাকা, অ্যাকাডেমিক সুপারভাইজারদের বেতন ১৮,৭৮১ টাকা এবং পিএ-কাম-ডিইওদের ১৯,৭৭৪ টাকা করা হয়েছে। ৫,০০০ টাকা বেড়ে।
এখানেই শেষ নয়, অন্য অনেকগুলি পদেরই বেতন বৃদ্ধি করেছে শুভেন্দু অধিকারীর সরকার। আর তাতেই এবার খুশির হাওয়া বইতে শুরু করেছে উৎসবে মরশুমে। মুখ্য শিক্ষক এবং ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের বেতন ৬,০০০ টাকা বাড়িয়ে যথাক্রমে ২২,১৭৮ টাকা এবং ২৫,৬৯২ টাকা করা হয়েছে। ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে এখন বেতনের উপর ভিত্তি করে তিন ধাপে বেতন বাড়ানো হয়েছে। ২৫ হাজার টাকার নিচে ৫,০০০ টাকা, ২৫ থেকে ৪০ হাজারের মধ্যে ৭,০০০ টাকা এবং ৪০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে থাকা কর্মীদের ১০,০০০ টাকা বেতন বৃদ্ধি পেতে চলেছে। স্কুল শিক্ষাদপ্তরের অতিরিক্ত সচিব ইশা মুখোপাধ্যায়ের জারি করা নির্দেশিকা কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে।
তাছাড়া এই পদক্ষেপের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা রেখেছেন সেটা আবার প্রমাণ হল। এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছিলেন, পার্শ্বশিক্ষক-সহ সমগ্র শিক্ষার কর্মী এবং এসএসকে, এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। এবার দেখা গেল অক্টোবর মাস থেকে সেই বেতন বৃদ্ধি হতে চলেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীও সাধুবাদ জানিয়েছেন।