চোখের চিকিৎসায় ছাড়পত্র পেলেন অভিষেক, শর্তসাপেক্ষে অনুমতি সুপ্রিম কোর্টের

Image: SNS

দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিদেশে যাওয়ার ছাড়পত্র পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তিনি। সুপ্রিম কোর্টে গিয়ে বড়সড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে তাঁর করা আবেদনে সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, চিকিৎসার প্রয়োজনে বিদেশে গিয়ে পছন্দমতো চিকিৎসা নেওয়া প্রত্যেক ব্যক্তির অধিকার। তিন সপ্তাহের জন্য বিদেশযাত্রায় অভিষেকের ক্ষেত্রে কোনও বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, বিদেশে যাওয়ার বিষয়ে তাঁরা সরাসরি আপত্তি করছেন না। তবে অভিষেকের দেওয়া চিকিৎসার শংসাপত্রের সত্যতা এবং সত্যিই বিদেশে চিকিৎসা-পরামর্শের প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আরও ১৫টি মামলা রয়েছে বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করেন কেন্দ্রের আইনজীবী। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর তিনি দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

কেন্দ্রের এই যুক্তির প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, রাজ্যের হাতে এর চেয়েও গুরুত্বপূর্ণ তদন্ত রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর বক্তব্য, প্রত্যেক ব্যক্তিরই বিদেশে গিয়ে নিজের পছন্দমতো চিকিৎসা পরিষেবা নেওয়ার অধিকার রয়েছে। এরপরেই অভিষেকের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামী তিন সপ্তাহ তাঁর বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না।


তবে বিদেশযাত্রার ক্ষেত্রে একাধিক শর্তও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। অভিষেককে তাঁর কূটনৈতিক(ডিপ্লোমেটিক) পাসপোর্ট জমা রাখতে হবে। হলফনামা দিয়ে জানাতে হবে যে তাঁর কাছে অন্য কোনও পাসপোর্ট নেই। বিদেশে কোথায় থাকবেন, কোন হাসপাতালে এবং কোন চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসার তারিখ, ফেরার তারিখ এবং যাতায়াতের বিমানের বিস্তারিত তথ্য আদালতকে জানাতে হবে। তবে অভিষেকের আইনজীবী গোপাল শঙ্করের আবেদনের পর আদালত স্পষ্ট করে জানিয়েছে, অভিষেকের দেওয়া বিদেশযাত্রার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা যাবে না।

ফলে কলকাতা হাইকোর্টে বিদেশযাত্রা আটকে যাওয়ার পর সুপ্রিম কোর্টে এসে আপাতত বড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য, এর আগে বিদেশযাত্রার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সময়ে শীর্ষ আদালত তাঁর মামলাটি শোনেনি। সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে সাত দিনের মধ্যে অভিষেকের আর্জি নিষ্পত্তি করতে বলে। সেই নির্দেশমতো গত বুধবার হাইকোর্টে এই মামলার শুনানি হয়।

হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশযাত্রার বিষয়টি খতিয়ে দেখবেন। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এসএসকেএম হাসপাতালে পরীক্ষা করাতে রাজি হননি। তিনি সেই সময় জানিয়েছিলেন, কলকাতা হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করলেও তিনি এসএসকেএম হাসপাতালে যাবেন না। এরপরেই হাইকোর্ট অভিষেকের মামলাটি খারিজ করে দেয়।

আরও পড়ুন: বিদেশে চোখের চিকিৎসায় মিলবে আদালতের ছাড়পত্র? সুপ্রিম বার্তার পর বুধবারই মামলায় নজর হাইকোর্টের

তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন করেন। তিনি আবেদন জানিয়েছিলেন, চোখের চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিক আদালত। সোমবার সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই আবেদনেই কার্যত ছাড়পত্র দিল।