কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে আপাতত গ্রেপ্তার করা যাবে না। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপও নিতে পারবে না পুলিশ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দেন।
আগামী ১৪ আগস্ট পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি হবে ১০ আগস্ট। জমি দখল ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি এড়াতে গত ৬ জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অতীন ঘোষ ও তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষ। মামলার বয়ান অনুযায়ী, একটি সম্পত্তি জোর করে দখল এবং প্রতারণার অভিযোগে প্রগতি ময়দান থানায় এফআইআর দায়ের হয়। পরে তদন্তভার যায় বিধাননগর উত্তর থানার হাতে।
পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ২৪ জুন তদন্তে হাজিরার জন্য অতীন ঘোষ ও তাঁর কন্যাকে তলব করা হয়েছিল। অভিযোগকারী এক হোটেল ব্যবসায়ী। তাঁর দাবি, বাজারদরের তুলনায় অনেক কম মূল্যে চাপ সৃষ্টি করে তাঁর সম্পত্তি দখল করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও করা হয়।
তবে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন অতীন ঘোষ। তাঁর দাবি, অভিযোগকারীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁর বক্তব্য, তাঁর কন্যা সম্পূর্ণ আইন মেনে সংশ্লিষ্ট সম্পত্তি ক্রয় করেছেন। অতীন ঘোষ বলেন, ‘আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। তদন্তের স্বার্থে পুলিশ ডাকলে আমি পূর্ণ সহযোগিতা করব।’ এদিকে হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশে আপাতত স্বস্তিতে অতীন ঘোষ এবং তাঁর কন্যা।