বাসের বকেয়া কর আদায়ে এবার ওয়েভার স্কিম. বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার

Private Buses Waiver Scheme Photo-SNS

দুর্গাপুজোর মুখে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। সর্বস্তরের মানুষের স্বার্থে পর পর খুশির খবর দিয়ে চলেছে রাজ্য সরকার। রেশনে দুর্গাপুজোর প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানো, পুলিশ-সহ অন্যান্য দপ্তরে নিয়োগের খবর এবং সামাজিক প্রকল্প সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বাস, গাড়ির বকেয়া কর আদায়ে ওয়েভার স্কিম আনতে চলেছে রাজ্য সরকার। বকেয়া করের ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। বাকি ৬০ শতাংশ দিতে হবে গাড়ির মালিকদের।

এদিকে এই কর ছাড়ের বিষয়টি যদি ঘটে তাহলে তা বাস মালিকদের থেকে শুরু করে গাড়ির মালিকদের বিরাট উপকার হবে। অনেকদিন ধরেই এমন দাবি ছিল বেসরকারি বাস মালিকদের। সেটা যে হয়ে যাবে তাঁরা ভাবতেও পারেননি। এবার তা বাস্তবায়িত হতে চলেছে বলে সূত্রের খবর। এই বিষয়ে বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, ‘ট্যাক্স, পারমিট, লাইসেন্স এই সব ফি-বাবদ প্রায় ১৭০০ কোটি টাকা বকেয়া আছে। বাসমালিকরা ছাড়ের আবেদন জানিয়েছেন। আমরাও ফিনান্সকে বলেছি, ৪০ শতাংশ রিবেট ছেড়ে দেওয়ার জন্য। ওখান থেকে অ্যাপ্রুভাল হলে বকেয়া করের ৬০ শতাংশ গাড়ির মালিকদের দিতে হবে।’

অন্যদিকে বকেয়া কর অনেক বাস মালিকই দিতে চান। কিন্তু কিছু টাকা মুকুব হলে তাঁদের সুবিধা হয়। এমন আবেদন করা হয়েছিল। এবার বাস মালিকদের সেই আবেদনে সাড়া দিল রাজ্য সরকার। প্রায় সাড়ে তিন লক্ষের বেশি বাস ও গাড়ির কর বকেয়া আছে। যার পরিমাণ দেড় হাজার কোটি টাকার বেশি। এই বকেয়া কর আদায়ে সেপ্টেম্বর মাসের শুরু থেকেই বিশেষ অভিযান শুরু করে পরিবহণ দপ্তর। কিন্তু তাতে বকেয়া কর জমা দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছিল না। বিশেষ করে মালিকদের মধ্যে। একমাসে মাত্র ১০০ কোটির কিছু বেশি টাকা জমা পড়ে। অনেকেই ওয়েভার স্কিমের জন্য অপেক্ষা করেছিলেন। এবার ওয়েভার স্কিমই আসতে চলেছে। তার জেরে বকেয়া মেটাতে অনেকটাই ছাড় পাবেন।


তাছাড়া দুর্গাপুজোর সময় বেসরকারি বাস যদি রাস্তায় না থাকে তাহলে মানুষের সমস্যা হবে। এই ওয়েভার স্কিম চূড়ান্ত হলে বাস মালিকরা উৎসাহিত হবেন। আর রাস্তায় দেদার বাস মিলবে। এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রীর বক্তব্য, ‘অনেক বাস এরকম আছে যারা বেআইনিভাবে রুট চেঞ্জ করে দেয়। আমরা বলেছি পুলিশকে ব্যবস্থা নিতে। বাস মালিকরা বিষয়টা নিয়ে বারবার অভিযোগ করেছিল। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। ওয়েভার স্কিম নিয়ে কথা চলছে।’ আর সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান, ‘আলোচনা সদর্থক হয়েছে। ওয়েভার স্কিম আসবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাতে মালিকদের সুবিধা হবে।’