রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে নতুন করে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক তৈরির কারখানা গড়ার বিষয়ে সংস্থার সঙ্গে তাঁর কথা হয়েছে বলে মঙ্গলবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নদিয়ার হরিণঘাটায় আম্বানি গোষ্ঠীর ক্যাম্পা কোলার কারখানার ভূমিপূজার দিনও ঘোষণা করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার সকালে হিন্দুজা গোষ্ঠীর পক্ষ থেকে তাঁর কাছে ফোন এসেছিল। সংস্থার তরফে জানতে চাওয়া হয়, সিঙ্গুরে জমি প্রস্তুত রয়েছে কি না। উত্তরে মুখ্যমন্ত্রী জানান, জমি প্রস্তুত রয়েছে। তাঁর কথায়, সিঙ্গুরে শিল্পের জন্য জমি দিতে রাজ্য সরকার আগ্রহী। উপযুক্ত মূল্য দিয়ে জমি কিনে তা শিল্পের কাজে হস্তান্তর করা হবে।
এর আগে গত ২১ নভেম্বর কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, সিঙ্গুরে অশোক লেল্যান্ডের বিনিয়োগ নিয়ে আলোচনা এগিয়েছে। তাঁর বক্তব্যের পর মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ হিন্দুজা গোষ্ঠীর ভারতীয় কর্মকাণ্ডের প্রধান অশোক হিন্দুজা তাঁকে ফোন করেন। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পাশাপাশি কথোপকথনে সিঙ্গুরে বিনিয়োগের প্রসঙ্গও ওঠে। আগামী ৭ ডিসেম্বর সেই অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রীর মুম্বাই যাওয়ার কথা।
অন্যদিকে, হরিণঘাটায় ক্যাম্পা কোলার কারখানা তৈরির প্রকল্পের ভূমিপূজন হবে আগামী ১২ ডিসেম্বর। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা অনন্ত আম্বানির। রিলায়্যান্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে হরিণঘাটা শিল্পতালুকে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে কারখানা ও ফুড পার্ক গড়ে উঠবে।
সিঙ্গুরে অশোক লেল্যান্ডের বিনিয়োগের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নবান্ন সূত্রের দাবি, ট্রাক কারখানা তৈরিতে অন্তত ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে সংস্থাটি। এক সময় ছোট গাড়ির কারখানা তৈরির প্রকল্প হাতছাড়া হওয়ার পর সিঙ্গুরে ফের শিল্প স্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় হাজার একর জমি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেখানে।
মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিজেপির যুব সংগঠন। যুব মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি তথা ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ভরসা প্রকল্পে মাসিক ভাতা ও পরীক্ষার ফি মকুবের পাশাপাশি রাজ্যে বড় বিনিয়োগের উদ্যোগ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সিঙ্গুরের প্রকল্পে হুগলি জেলার বহু যুবক-যুবতীর কাজের সম্ভাবনা তৈরি হতে পারে বলেও আশাপ্রকাশ করেন তিনি।