নিজের বাড়িতে ভাইফোঁটা পালন করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরের জন্য কোনও অনুষ্ঠান হচ্ছে না হরিশ চ্যাটার্জী স্ট্রিটে তৃণমূলনেত্রীর বাড়িতে। এই খবর সমাজমাধ্যমে জানিয়ে দিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কিন্তু তা নিয়েও রাজ্য-রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। ভাইফোঁটার সকালে খোসমেজাজে দেখা যায় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষকে। বুধবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখানেই ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোঁটা নেন দিলীপ ঘোষ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিল্প এবং কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটা নিয়ে খোঁচাও দিলেন।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর মুখ্যমন্ত্রী নেই। দলের বিধায়ক-সাংসদরা সরে গিয়েছেন। দলও দুটি ভাগে ভেঙে গিয়েছে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ২০২৫ সাল পর্যন্ত জাঁকজমকের সঙ্গে ভাইফোঁটার আয়োজন করা হতো। তৃণমূলের প্রথম সারির নেতারা নেত্রীর কাছ থেকে ফোঁটা নিতেন। এবার ভাইফোঁটা অনুষ্ঠান নিয়ে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, ‘আসলে সবাই পাওয়ার বা ক্ষমতার ফোঁটা নিতে যেত। এখন পাওয়ার নেই। তাই ফোঁটা নেই। অনেক ভাই ছিল। যারা নাকি ৩০-৪০ বছর ধরে ওনার ফোঁটা নিত। সেই ভাইরা আজ ওখানে যায় কিনা দেখা যাক। যারা ওনার কাছে ফোঁটা নিতে আসত, তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসত না। মুখ্যমন্ত্রীর কাছে আসত। উনি এখন মুখ্যমন্ত্রী নেই। তাই ফোঁটাও নেই।’
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজয়া দশমীতে মিষ্টিমুখ করেননি। এবার ভাইফোঁটা করলেন না। যা নিয়ে সমাজমাধ্যমে কুণাল ঘোষ লিখেছেন, ‘মমতাদি এবার ভাইফোঁটা পালন করছেন না। এর আগে বিজয়া পালন করেননি। এবার ভাইফোঁটাও পালন করবেন না। ভোটের পর থেকে তৃণমূলকর্মীদের উপর যে হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার চলছে, তার পরিপ্রেক্ষিতে এবার বিজয়া পালন করেননি মমতাদি। পারিবারিক কালীপুজো বন্ধ করা যায় না। তাই মায়ের পুজো করেছেন। কিন্তু ভাইফোঁটার কোনও অনুষ্ঠান করবেন না। কেউ দেখা করতে আসতে পারেন। কিন্তু দিদি এবার ফোঁটার অনুষ্ঠান করবেন না। এই নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।’
তাছাড়া সমাজমাধ্যমে কুণাল ঘোষ এই কথা লিখলেও তাতে গোটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে না। কারণ বহু নেতা-কর্মীরা এদিনও কালীঘাটের বাড়িতে গিয়েছেন দেখা করতে। সেখানে দিলীপ ঘোষের খোঁচা, ‘সবই ছিল পাওয়ারের ফোঁটা। না দিদি আছে। না ভাইরা আছে। যারা শুধু ক্ষমতা ভোগ করে, তাদের এরকমই হয়। সামাজিক সম্পর্কের কোনও বাঁধন ছিল না। সবকিছুর মধ্যে রাজনীতি মিশিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তো এরকমই হবে।’ আর প্রবাসী ভারতীয় সম্মেলন নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘উত্তরবঙ্গে শিল্প সম্মেলন হওয়ার কথা চলছে। অনাবাসী ভারতীয়রা আসবেন। এখানে শিল্প হবে। এটা কেন্দ্র রাজ্য চায়। প্রবাসীরা এতদিন পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তিত ছিলেন। এবার তারাও আসতে চাইছেন। এরকম কর্মসূচি বাংলার উত্থানের জন্য কার্যকরী হবে।’