কলকাতা পুলিশে এবার নতুন খবর। এবার নতুন করে একটি বাহিনী গড়ে তোলা হচ্ছে। যাতে সিলমোহর দিয়েছে নবান্ন। আইনশৃঙ্খলা রক্ষা করতে এবার কলকাতা পুলিশে নতুন ব্যাটালিয়ন গড়ে উঠতে চলেছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে পুলিশের র্যাফে নতুন ব্যাটালিয়ন তৈরির অনুমোদন মিলেছে। নবান্নের পক্ষ থেকে ওই অনুমোদনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর তা ওই ব্যাটালিয়ন সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এই বাহিনী বিশৃঙ্খলা থেকে শুরু করে নানা বিষয়ে কাজ করবে বলে জানা গিয়েছে। তার উপর কলকাতা পুরসভার নির্বাচন রয়েছে। চলতি বছরে না হলেও নতুন বছরে তা হবে ধরে নেওয়া হচ্ছে।
কলকাতা পুলিশে ইতিমধ্যেই র্যাফ ব্যাটালিয়ন আছে। তবে সেটার উন্নত ব্যাটালিয়ন গড়ে তুলতে উদ্যোগী হয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই ব্যাটালিয়নের জন্য ৭৯০টি নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। মহিলা-পুরুষ মিলিয়ে প্রায় ৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে। ব্যাটালিয়নে থাকবেন ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর, পুলিশ সুপার, ডিসিপি পদমর্যাদার অফিসাররাও। এই বাহিনীর মূল কাজই হবে কলকাতার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। কোথাও যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে তাহলে দ্রুত এই র্যাফ ব্যাটালিয়ন সেখানে নামবে। কোনও বড় উৎসবের নিরাপত্তার দায়িত্বেও এই নয়া ব্যাটালিয়ন থাকবে। দুর্গাপুজোর সময় চোরবাগানে পদপিষ্টে ১৯ জনের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই কলকাতা পুলিশে নতুন র্যাফ বাহিনী গড়ে তোলা হচ্ছে বলে মনে করছেন অনেকে।
রাজ্য পুলিশের দক্ষতা এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে পুলিশের দক্ষতা বাড়ানো নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল। শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা একসময় অনেক ভাল জায়গায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের পুলিশ দপ্তরের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। গত তৃণমূল জমানায় পুলিশের দক্ষতাকে কাজে লাগানো হয়নি। এই সরকারের আমলে সেটা বদলাবে।’
তাছাড়া কলকাতা পুলিশে র্যাফের সংখ্যা তুলনামূলক কম। এখন সেই ঘাটতি মেটাতেই নতুন ফোর্স তৈরি করতে চায় রাজ্য সরকার। কলকাতা পুলিশকে দেশের অন্য শহরের পুলিশ বাহিনীর মতো ‘দক্ষ’ করে তুলবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী আধুনিক সরঞ্জামের সরবরাহের কথাও বলেছিলেন তিনি। সিআরপিএফ বা আধাসেনা বাহিনীতে র্যাঞফ বাহিনী আছে। কলকাতা পুলিশে সেই বাহিনীর ধাঁচে নতুন ব্যাটালিয়ন গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। তবে বিরোধীরা মনে করছেন, বিক্ষোভ, আন্দোলন মোকাবিলাতেও এই বাহিনী নামিয়ে কণ্ঠরোধের চেষ্টা করতে পারে বিজেপি সরকার।