রাজ্যে সংগঠিত অপরাধ দমনে আরও কড়া পদক্ষেপের পথে বিজেপি সরকার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র আদলে পশ্চিমবঙ্গে গড়ে তোলা হচ্ছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। ভবানী ভবন সূত্রে খবর, নতুন এই সংস্থা গঠনের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। সংস্থার নেতৃত্বে থাকবেন এডিজি পদমর্যাদার এক আইপিএস আধিকারিক। তাঁর পূর্ববর্তী কর্মদক্ষতা ও পরিষেবা রেকর্ড খতিয়ে দেখেই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।
চলতি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিন দিনের পশ্চিমবঙ্গ সফরের সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকেই এসআইএ গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।
প্রস্তাবিত এই সংস্থা সন্ত্রাসবাদ, জাল নোট চক্র, মানবপাচার, মাদকপাচার এবং অন্যান্য সংগঠিত অপরাধের তদন্তে বিশেষ ভূমিকা পালন করবে। গোয়েন্দা সংস্থার ধাঁচে কাজ করলেও এর কার্যপদ্ধতি সিআইডির থেকে সম্পূর্ণ আলাদা হবে বলে জানা গিয়েছে।
ভবানী ভবন সূত্রে আরও খবর, এসআইএ-র সাংগঠনিক কাঠামো, জনবল এবং প্রশাসনিক রূপরেখা তৈরির কাজ চলছে। তবে সংস্থাটি কবে থেকে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে, এর জন্য পৃথক থানা বা দফতর গড়ে তোলা হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন এই তদন্তকারী সংস্থা গঠিত হলে সংগঠিত অপরাধ মোকাবিলায় রাজ্য পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং জটিল অপরাধের তদন্তে বিশেষায়িত ব্যবস্থা গড়ে উঠবে।