কৃষকদের বিমার প্রিমিয়াম পুরোটাই দেবে রাজ্য সরকার, ধান কিনতে গ্রামে যাবে মোবাইল ভ্যান

Farmers Insurance Premium Photo-SNS

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় এবার একটি টাকাও দিতে হবে না কৃষকদের। বিমার প্রিমিয়াম পুরোটাই দেবে রাজ্য সরকার। নিয়ম অনুযায়ী, শস্যবিমার প্রিমিয়ামের একটি অংশ কৃষকদের দেওয়ার কথা। কিন্তু এবার থেকে আর তা দিতে হবে না। পুরো দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার। রবি মরশুমের বিমার জন্য কৃষকদের প্রায় ২০০ কোটি টাকা দিতে হতো প্রিমিয়ামের অংশ হিসাবে। প্রিমিয়ামের বাকি অংশ রাজ্য এবং কেন্দ্র ভাগ করে দেয়। সেখানে রাজ্যের অংশ ছিল প্রায় ৩৭.৫ কোটি টাকা। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার ২১৪ কোটি টাকা দিয়েই দিচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে কৃষকদের কাছ থেকে সরকারি উদ্যোগে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ধান কেনার প্রক্রিয়া। নির্দিষ্ট ধান ক্রয় কেন্দ্রের পাশাপাশি ওই দিন থেকেই গ্রামে গ্রামে মোবাইল ভ্যান পাঠিয়ে ধান সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান তাই প্রশাসনের এই উদ্যোগ। খাদ্যদপ্তর সূত্রে খবর, সরকারি উদ্যোগে ধান কেনার ক্ষেত্রে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার কৃষকদের। ফসলের ন্যায্য দাম না পেয়ে ফড়েদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। ওই সমস্যা দূর করতেই মোবাইল ভ্যানের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছতে চাইছে দপ্তর। তাতে প্রত্যন্ত এলাকার কৃষকদেরও সরকারি ব্যবস্থায় ধান বিক্রির সুযোগ মিলবে।

অন্যদিকে প্রশাসন সূত্রে খবর, কৃষকদের উপর আর কোনও ‘বোঝা’ চাপাতে চাইছে না শুভেন্দু অধিকারীর সরকার। কৃষকদের কোনও টাকা দিতে হবে না। ওই টাকা মকুব করতে অর্থ দপ্তরে আর্জি পাঠায় কৃষি দপ্তর। যা অনুমোদন পেয়েছে। আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেটি পেশ হবে। সেখানে অনুমোদনের পর কোনও সমস্যা থাকবে না। দু’সপ্তাহ আগেই আলুকে প্রধানমন্ত্রী ফসল বিমার আওতায় এনে বিমার খরচ দিতে হবে না বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রায় ২০ লক্ষ আলুচাষি আছেন। বিমার প্রিমিয়াম কৃষকদের উপর থেকে চলে গেলে বিরাট সুবিধা হবে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ক্ষেত্রেও নজির গড়ে উঠবে।


তাছাড়া খাদ্যদপ্তর সূত্রে খবর, কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান, মধ্যস্বত্বভোগী বা ফড়েদের খপ্পরে পড়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য না হন সেটাই প্রশাসনের লক্ষ্য। সরকারি ব্যবস্থায় ধান কেনার গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়ও বিশেষ নজর দেওয়া হচ্ছে। তার সঙ্গে বিমার প্রিমিয়াম মুকুব হওয়ায় খুশির হাওয়া বইতে শুরু করেছে কৃষকদের মধ্যে।