মদের দোকান খুলতে নয়া নিয়ম রাজ্য সরকারের, শপিং মলের ক্ষেত্রেও সংশোধন

New Liquor Rules Photo-SNS

এখন উৎসবের মরশুম আসছে। যা চলবে ২০২৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত। যদিও বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ তো আছেই। তার মধ্যে এই ফেজটাতে বেশি মেতে ওঠেন মানুষজন। সেখানে ঠাঁই পায় সুরাও। এখন আবার অনেকে মদের দোকান খুলতে আগ্রহী। এই চারদিক বিবেচনা করে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এবার নিয়মে রদবদল করল রাজ্য সরকার। নতুন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ‘নতুন জায়গা’ বা আগে থেকেই রয়েছে কোনও জায়গা সেটাকে স্পষ্ট করে উল্লেখ করতে হবে। নয়া নিয়মে এটা বলা হয়েছে। এমনকী যদি কোনও দোকান বন্ধ হয়ে যায় সেটা নতুন করে খোলার সুযোগ থাকছে। সুতরাং নতুন করে লাইসেন্স পাওয়া যেতে পারে।

তবে আগের নিয়ম অনুযায়ী শহর ও শহরতলিতে ধর্মীয়, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলি থেকে দূরত্বের মাপকাঠি ছিল হাজার ফুট অর্থাৎ প্রায় ৩০৫ মিটার। কিন্তু নয়া নিয়মে সেটা বাড়িয়ে ৫০০ মিটার করা হয়েছে। এই নিয়ম কার্যকর হবে নতুন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে। পুরনো অথবা চালু দোকানের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়। মদের বিক্রি থেকে বড় আয় হয় রাজ্য সরকারের। লাইসেন্স পেতে গেলে নির্দিষ্ট ফি দিতে হয়। সেটাও একটা আয়ের পথ। এই আবহে পশ্চিমবঙ্গ আবগারি বিধি, ২০০৩ আইনে একটি সংশোধন আনা হয়েছে। সেটা অনুযায়ী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নয়া নিয়মে বলা হয়েছে, কোনও ব্যক্তির যদি এফএল ট্রেড লাইসেন্স থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ওই ব্যক্তি নির্দিষ্ট কিছু শর্ত এবং ৮ নম্বর বিধির বিধিনিষেধ মেনে নতুন জায়গায় ৪(ই) শ্রেণির খুচরো লাইসেন্সের জন্য যোগ্য হবেন। কিন্তু নতুন জায়গা পেলেই হবে না, জায়গাটি নিয়ে কোনও আপত্তি কিংবা বিধি নিষেধ আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। আর আবগারি কমিশনারের অনুমোদন পেলেই মিলবে লাইসেন্স। নির্ধারিত ফি জমা দিতে হবে।

বিদেশি মদের ‘চালু’ দোকান নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। দূরত্বের নিয়মেও কিছু বদল আনা হয়েছে। আগে ধর্মীয়, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলি থেকে মদের দোকানের লাইসেন্স দেওয়া হতো হাজার ফুট অর্থাৎ প্রায় ৩০৫ মিটার মাপকাঠি রেখে। এবার সেটা বাড়িয়ে করা হয়েছে ৫০০ মিটার। পুরসভার বাইরে অন্য এলাকায় সেটা থাকছে এক কিলোমিটার। এক্ষেত্রে ধর্মীয়, শিক্ষা এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের একাধিক প্রবেশপথ থাকলে, সেক্ষেত্রে সেই প্রবেশপথগুলির একটির নির্দিষ্ট সীমার মধ্যে প্রস্তাবিত ‘জায়গা’ পড়লে বিধিনিষেধ প্রযোজ্য হবে নতুন নিয়মে।


তাছাড়া শপিং মল এবং বড় শপিং সেন্টারগুলিতে কিছু পরিষেবা রয়েছে। সেখানে থাকা বিয়ার, এলএবি এবং ওয়াইনের দোকানগুলির ক্ষেত্রেও কিছু সংশোধন আনা হয়েছে। আর কয়েকটি পুরনো এবং নতুন লাইসেন্স শ্রেণির উল্লেখ যুক্ত করা হয়েছে। লাইসেন্স নিয়ে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মদ ব্যবসায়ীরা।