পালাবদলের রাজ্যে নয়া ফরমান। আর তাতে একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে, তেমন প্লাস্টিক ব্যবহার একেবারে তলানিতে এসে ঠেকবে। তাতে একটা সময় এমন আসবে যখন প্লাস্টিক ব্যবহার একেবারে শেষ হয়ে যাবে। তাতে আখেরে লাভ হবে রাজ্যেরই। সুতরাং এই ফরমান নিয়ে কেউ কোনও প্রশ্ন তোলার জায়গায় নেই। বরং কথা রাখতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। ক্ষমতায় আসার আগে বলেছিলেন, রাজ্যকে প্লাস্টিক মুক্ত করবেন। এবার সেই পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। প্ল্যাস্টিক ব্যাগের ব্যবহার এবার সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে৷ আর তাই রাজ্যের সব পুরসভায় বসানো হবে কাপড়ের ব্যাগ-ভেন্ডিং মেশিন৷
এই কাপড়ের ব্যাগ ভেন্ডিং মেশিন বসলে সেখান থেকে গৃহস্থদের বাজারে যাওয়ার আগে সংগ্রহ করতে হবে ওই ব্যাগ৷ ইতিমধ্যেই কলকাতা পুরসভা-সহ রাজ্যের সব পুরসভাকেই এমনই নির্দেশ দিয়েছে রাজ্যের পুর ও নগরন্নোয়ন দপ্তর৷ এই দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যিনি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাই ভিন রাজ্যের কাছে এবং বাইরের দেশের কাছে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি উজ্জ্বল করতে এমন ফরমান জারি করেছেন। এমনকী প্রত্যেকটি পুরসভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকও করা হয়েছে। কাটোয়া শহরেও দু’টি ভেন্ডিং মেশিন বসবে বলে জানা গিয়েছে।
রাজ্যের সব শহরগুলিতে কাপড়ের ব্যাগ-ভেন্ডিং মেশিন বসানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই মেশিনে টাকা দিলেই কাপড়ের ব্যাগ বেরিয়ে আসবে। পুরসভা-সহ রাজ্যের সব জেলার ১২৮টি পুরসভাকেই এই ফরমান জারি করা হয়েছে। প্রত্যেকটি কাপড় ভেন্ডিং মেশিনের জন্য ৬০ হাজার টাকা করে বরাদ্দ করা হচ্ছে। টেন্ডার ডেকে মেশিন বসানো থেকে শুরু করে যাবতীয় কাজ করতে চলেছে পুরসভাগুলি। কোন পুরসভা কতগুলি মেশিন বসাতে পারবে সেটা ঠিক হবে জনসংখ্যার ভিত্তিতে। কলকাতা পুরসভা সূত্রে খবর, কোনও শহরের জনসংখ্যা ৫০ হাজারের মধ্যে হলে তারা একটি মেশিন বসাতে পারবে। ১ লক্ষের মধ্যে জনসংখ্যা হলে দুটি ভেন্ডিং মেশিন বসবে। আর ১ লক্ষের বেশি অথবা কর্পোরেশন হলে ৩ থেকে ৫টি বা তার বেশি মেশিন বসানো হবে।
তাছাড়া কাটোয়া শহর থেকে সম্ভবত প্রথম এই কাজ শুরু হচ্ছে। এই বিষয়ে কাটোয়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার চঞ্চল কুমার মণ্ডল বলেন, ‘কাপড়ের ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হবে৷ প্ল্যাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ হতে চলেছে৷ আমরা অভিযানে নামব। প্রথম পর্যায়ে পূর্ব বর্ধমান জেলার মধ্যে তিনটি পুর এলাকায় এমন মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তার মধ্যে বর্ধমান পুরসভায় ৩টি, কাটোয়ায় ২টি এবং গুসকরা শহরে ২টি মেশিন বসানো হবে।’ পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভা এলাকায় ২০টি ভেন্ডিং মেশিন বসানো হবে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্ল্যাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে বারবার পরামর্শ দিচ্ছে। ১২০ মাইক্রনের নিচের প্ল্যাস্টিক খুবই ক্ষতিকর। আর শহরে নিকাশির মুখে আটকে প্ল্যাস্টিক সমস্যা তৈরি করে। তাই এবার প্লাস্টিকের ব্যবহার ঠেকাতে কড়া পদক্ষেপ করা হচ্ছে।