মহাপঞ্চমীতেই লক্ষ্মীলাভ! মহার্ঘভাতা-সহ আগাম বেতন পেলেন সরকারি কর্মচারীরা

DA Advance Salary Photo-SNS

মহাপঞ্চমীর সকালে যে খুশিতে মন ভরে যাবে সেটা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু বাস্তবে সেটাই হল। আগে যে ঘোষণা করা হয়েছিল সেটার বাস্তব চিত্র ফুটে উঠল। শুধু টুং করে একটি আওয়াজ মেজাজটা বদলে দিল। ১৫ অক্টোবর আগাম বেতন-সহ মহার্ঘভাতা (ডিএ) পেলেন সরকারি কর্মচারীরা। দুর্গাপুজোর মাসে পকেট বেশ ভরে গেল। এখন বেশ অনেকটা টাকা একসঙ্গে মেলায় দুর্গাপুজো বেশ আনন্দেই কাটবে। অক্টোবর মাসের বেতন ১৫ তারিখেই পেয়ে গেলেন সরকারি কর্মচারীরা। তার সঙ্গে ২০ শতাংশ ডিএ-র টাকাও ঢুকেছে অ্যাকাউন্টে। তাই মেজাটাই এখন আসল রাজা হয়ে উঠেছে। সকাল সাড়ে ন’টার মধ্যেই সরকারি কর্মচারীদের মোবাইলে মেসেজ এল। পেনশনারদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেল।

মহাষষ্ঠী থেকে ছুটিতে চলে যাবেন সরকারি কর্মচারীরা। দুর্গাপুজোর ছুটি। তার সঙ্গে পকেট গরম। যা খুশির হাওয়া বয়ে নিয়ে এল তাঁদের কাছে। গত ২৩ সেপ্টেম্বর অর্থদপ্তর একটি নির্দেশিকা জারি করে। তাতে উল্লেখ করা হয়েছিল, ১৫ অক্টোবর তারিখেই চলতি বছরের অক্টোবর মাসের বেতন, পারিশ্রমিক, স্টাইপেন্ড এবং সাম্মানিক পেয়ে যাবেন সরকারি কর্মীরা। পেনশন, পারিবারিক পেনশনও দেওয়া হবে ওই তারিখেই। আর তার আগেই সরকার ঘোষিত ২০ শতাংশ ডিএ এই মাস থেকে দেবে বলে জানানো হয়েছিল। সব মিলিয়ে পঞ্চমীতে মুখে হাসি ফুটেছে সরকারি কর্মচারীদের।

গত ১০ অক্টোবর ব্রিগেডে রাজ্য পুলিশের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছিলেন, ‘মহাষষ্ঠীর মধ্যে ২০ শতাংশ ডিএ-সহ অক্টোবর মাসের অগ্রিম বেতন পেয়ে যাবেন।’ এই ২০ শতাংশ ডিএ-র কথা বিজেপি সরকারের প্রথম বাজেটেই ঘোষণা করা হয়েছিল। আগের তৃণমূল সরকারের আমলে ডিএ নিয়ে যে ‘জটিলতা’ দেখা দিয়েছিল, রাজ্য বাজেটে সেটা দূর করার বার্তা দিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি ঘোষণা করেছিলেন, ২০ শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের।


এবার সেই অর্থ এদিন ক্রেডিট হয়ে গেল সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই বৃদ্ধিতে রাজ্যের কর্মচারীদের ডিএ–র পরিমাণ দাঁড়াল ৩৮ শতাংশ। এতদিন সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পান ৬০ শতাংশ ডিএ। বাড়তি ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় ২২ শতাংশ ফারাক রইল কেন্দ্র-রাজ্যের ডিএ–র মধ্যে। দুর্গাপুজোর মধ্যে এই খবর সরকারি কর্মীদের জন্য নিঃসন্দেহে বাড়তি খুশি বয়ে নিয়ে এল। এখন বাড়তি টাকা মেলায় দুর্গাপুজো তাঁদের কাছে আনন্দের হয়ে উঠল সেটা বলার অপেক্ষা রাখে না।