কলকাতা আন্তর্জাতিক বইমেলার নয়া কমিটি গড়ল রাজ্য সরকার, বাদ পড়ল কারা?

Kolkata Book Fair New Committee Photo-SNS

কলকাতা আন্তর্জাতিক বইমেলার অ্যাডভাইজরি কমিটিতে বড় রদবদল ঘটল। যা নিয়ে জোর চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যে পালাবাদলের পর নতুন সরকার ক্ষমতায় এসেছে। আর তা আসার পর দীর্ঘদিনের পুরনো কমিটিকে ভেঙে দেওয়া হলো। আর সেখানে নতুন সদস্য এনে পুনর্গঠন করা হলো এই অ্যাডভাইজরি কমিটি। রাজ্য সরকারের নয়া কমিটিতে আছেন ২৪ জন। সেখানে প্রতিনিধি রয়েছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের। তবে এই নয়া কমিটিতে নেই গিল্ডের এখনকার সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে।

আগে কলকাতা আন্তর্জাতিক বইমেলার কমিটিতে ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী থেকে শুরু করে অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমের মতো প্রভাবশালী মন্ত্রীরা। এখন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের ক্ষমতায় নেই। নতুন সরকার তাই নতুন কমিটি তৈরি করেছেন। বছরের পর বছর কেন একই ব্যক্তিরা কমিটিতে বহাল থাকবেন? পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একচ্ছত্র ভূমিকা থাকবে? এই নিয়ে আগেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রকাশকদের একাংশও। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সুব্রত গুপ্তের কাছে গিল্ডের কাজ এবং আচরণ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছিল। এমনকী কমিটিতে একই ব্যক্তিদের থাকা ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একচ্ছত্র ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়েছিল। তার জেরেই এই নয়া কমিটি গঠন বলে সূত্রের খবর।

এবার মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর স্বাক্ষরিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ২৪ জনের নয়া কমিটিতে আছেন রামকৃষ্ণ মিশনের স্বামী আর্যেশানন্দ, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সারস্বতানন্দ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে, রাজকুমার বর্মণ। আবার যুক্ত থাকছেন দেবজিৎ সরকার, সপ্তর্ষি চৌধুরি, প্রসেনজিৎ বক্সি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুকেশ মণ্ডল, মোহিত রায়, ওসমান গণি, আশিস গিরির মতো ব্যক্তিরা। এখানে বেশ কয়েকজন বিজেপি নেতাকে যুক্ত করা হলো। ২০২৭ সালের কলকাতা বইমেলা যৌথভাবে আয়োজন করবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি, ন্যাশনাল বুক ট্রাস্ট। রাজ্য সরকারের গঠিত ২৪ জনের নয়া কমিটি পরামর্শ দেবে।


তাছাড়া নতুন এই কমিটি বইমেলার পরিচালনায় স্বচ্ছতা এবং নতুন মাত্রা আনবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজ‌্যসভার সাংসদ তথা বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে দাবি করেছিলেন, কলকাতা বইমেলায় ভারতীয়ত্বের ছাপ থাকতে হবে। সকলের বিচরণক্ষেত্র হয়ে উঠুক বইমেলা। এই নয়া কমিটি সেদিকটা লক্ষ্য রাখবে বলেই মনে করা হচ্ছে।