মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আরও একটি পুরনো ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ২০২২-এ হাওড়ার সাঁকরাইল থানায় দায়ের হওয়া একটি এফআইআর ঘিরে চার বছর ধরে চলা আইনি টানাপোড়েনের অবসান ঘটল শুক্রবার। কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে মামলা প্রত্যাহারের চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার পর মামলাটির নিষ্পত্তি করে দিলেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস।
পুলিশের দায়ের করা ওই এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৫-এ তিনি এফআইআর খারিজের আবেদন করেন। সেই মামলাতেই শুনানির পর বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে আইনি রক্ষাকবচ দিয়েছিলেন। অবশেষে রাজ্য সরকারের তরফে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে ফাইনাল রিপোর্ট জমা পড়ায় আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটল।
উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলা দায়ের হয়েছিল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হাই কোর্টে পুলিশের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল। এর আগে ২০২৫-এর অক্টোবরে তাঁর বিরুদ্ধে থাকা ১৫টি এফআইআর খারিজ করেছিল হাই কোর্ট। ২০২৬-এর মে মাসে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার পরেও তাঁর বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলির আইনি প্রক্রিয়া চলছিল। এবার সাঁকরাইল থানার ২০২২ সালের মামলাটিও প্রত্যাহারের সিদ্ধান্ত জানাল রাজ্য।