হজ যাত্রার পথে বাধা এসআইআর! ২ সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের

File photo

ভোটার তালিকায় নাম নেই। আর তার জেরে পাসপোর্ট-ভিসা পেতে তৈরি হয়েছে জটিলতা। হজে যাওয়ার স্বপ্নের পথে এমন বাধার মুখে পড়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েক জন হজযাত্রী। তাঁদের আবেদনের প্রেক্ষিতে এবার বিশেষ তৎপরতার নির্দেশ দিল আদালত।

বিশেষ নিবিড় সংশোধনের সময় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছিল আবেদনকারীদের। তাঁদের বক্তব্য, নাম বাদ যাওয়ার পর থেকেই হজযাত্রার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা সংগ্রহে সমস্যা তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত দ্রুত সুরাহার আশায় হাইকোর্টে আবেদন করেন তাঁরা।

মামলাটি শুনে বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দিয়েছেন, আবেদনকারীরা ইতিমধ্যেই এসআইআর আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন। সেই আপিল দ্রুত শুনে সিদ্ধান্ত নিতে হবে। আদালতের নির্দেশ, সম্ভব হলে দু’সপ্তাহের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি করতে হবে।


রাজ্যের তরফে আদালতে জানানো হয়, আবেদনকারীরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হলে আইন মেনেই তাঁদের আপিল বিবেচনা করা হবে। সেই বক্তব্য নথিভুক্ত করে কলকাতা হাইকোর্ট দ্রুত শুনানির নির্দেশ দেয়।

আরও পড়ুন: হাইকোর্টের কড়া নির্দেশে গালিফ স্ট্রিটে পুলিশি অভিযান, পসরা গুটিয়ে বিপাকে ৬০০ ব্যবসায়ী

ভোটার তালিকা সংশোধনের প্রশাসনিক প্রক্রিয়া যে কখনও কখনও সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে, এই মামলায় সেই ছবিই সামনে এসেছে। ভোটার তালিকায় নাম হারানোর জেরে একদিকে নাগরিক নথি সংক্রান্ত জটিলতা। অন্যদিকে, বহু প্রতীক্ষিত হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতেই আদালতের হস্তক্ষেপে এখন দ্রুত সিদ্ধান্তের অপেক্ষা।