‘তিন দিন নয়, এক দিনেই ধর্না!’ এসআইআর ইস্যুতে হাইকোর্টের পরামর্শে অস্বস্তি বাড়ল সিদ্দিকুল্লাহদের

File Photo

কলকাতার মতো ব্যস্ত শহরে একটানা তিন দিন অবস্থান-ধর্নার কর্মসূচিতে সায় দিল না কলকাতা হাইকোর্ট। এসআইআর-কে কেন্দ্র করে খাস কলকাতায় টানা তিন দিনের কর্মসূচিতে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিল আদালত। তিন দিনের বদলে এক দিনের মধ্যেই কর্মসূচি শেষ করার পরামর্শ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

এসআইআর ইস্যুতে আগামী ৬, ৭ এবং ৮ সেপ্টেম্বর কলকাতায় অবস্থান-ধর্না করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় জামাতি উলেমা হিন্দ। সেই সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আদালতের দারস্থ হয়। বুধবার সিদ্দিকুল্লা চৌধুরীর আবেদনের কথা আদালতে তুলে ধরেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

আইনজীবীর বক্তব্য, কর্মসূচির অনুমতি চেয়ে গত ৩১ আগস্ট পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার কথা মনে করিয়ে পুলিশ সেই আবেদনে অনুমতি দেয়নি। এরপর পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠন নেতৃত্ব আদালতে দারস্থ হন। বুধবার মামলাটি আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দেন, টানা তিন দিন কলকাতার বুকে অবস্থান-ধর্নার অনুমতি দেওয়া সম্ভব নয়।


আরও পড়ুন: ‘ভয়ে ঘরছাড়া শিক্ষিকা, স্কুলেও যেতে পারছেন না’, পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘ মেয়াদি কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপরেই বিচারপতি নির্দেশ দেন, তিন দিনের বদলে এক দিন কর্মসূচি করা যেতে পারে। আদালত জানিয়েছে, বিষয়টি বিবেচনা করে আগামী সোমবার এই মামলাটির পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে এসআইআর-এর প্রতিবাদে কলকাতায় তিন দিনের অবস্থান-ধর্নার যে পরিকল্পনা করা হয়েছিল, তা আপাতত আদালতের পর্যবেক্ষণে বড় ধাক্কার মুখে। এখন এক দিনের কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেটাই এখন দেখার।