যাত্রীর লাগেজ থেকে মিলল সাড়ে তিন কোটি টাকা, বড় চোরাচালান চক্রের পর্দাফাঁস

Kolkata Airport Photo-ANI

একেবারে পরিকল্পনা করেই নামা হয়েছিল। কিন্তু তারপরও সাফল্য এল না। একাধিক যাত্রীর লাগেজ থেকে যা উদ্ধার হল তাতে চোখ কপালে উঠেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। লাগেজ তখন যাত্রীর কাছ থেকে চলে গিয়েছে পরীক্ষায়। হ্যান্ড ব্যাগ পরীক্ষার প্রক্রিয়াও শুরু হয়েছে। স্ক্যানারে ধরা পড়ল নোট বুক, মেক আপের জিনিস। আবার ট্রলিব্যাগের স্ক্যাকিংয়ে ধরা পড়ল জুতোর প্যাকেট! এখানেই সন্দেহ হয় তদন্তকারীদের। বিমানবন্দরে ব্যাগ খুলে চলে তল্লাশি। তখনই উদ্ধার হয় প্রায় সাড়ে তিন কোটি টাকা!

এই বিপুল পরিমাণ টাকা সামনে আসতেই চোখ কপালে ওঠে সকলের। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই এক বড় চোরাচালান চক্রের পর্দাফাঁস করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। ব্যাংককগামী কয়েকজন যাত্রীর কাছ থেকে আনুমানিক ৩.৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হল। এরা আসলে বিদেশি মুদ্রা চোরাচালান করে বিপুল মুনাফা করে থাকে। আর এই কাজ বেশ কিছুদিন ধরে চলছিল বলে সূত্রের খবর। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত আন্তর্জাতিক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

গোপন সূত্রে খবর পেয়ে, ৬ নভেম্বর সকালে কলকাতা বিমানবন্দরের টার্মিনালে অভিযান চালান ডিআরআই-এর অফিসাররা। ব্যাংককগামী একটি বিমানে ওঠার আগেই সন্দেহভাজন ৭ যাত্রীকে আটক করা হয়। তাদের ব্যক্তিগত তল্লাশি এবং হ্যান্ড ও চেক-ইন ব্যাগেজ পরীক্ষা করতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল ইউএস ডলার এবং ব্রিটিশ পাউন্ড। এই ৭ জনের কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল বিদেশি মুদ্রা। ভারতীয় আর্থিক মূল্য তা প্রায় ৩.১২ কোটি টাকা। তদন্তকারীরা জানান, বিদেশি মুদ্রা পাচারের জন্য এই চক্রটি অত্যন্ত আধুনিক কৌশল ব্যবহার করেছিল। নোটবইয়ের পাতা কেটে তৈরি করা গোপন খোপ, ট্রলি ব্যাগের দুই স্তরের লুকানো খাপ এবং জুতো ও জামার পকেটের ভিতরে অত্যন্ত সুচারুভাবে বিপুল পরিমাণ নগদ লুকিয়ে রাখা ছিল। উদ্ধার হওয়া এই বিপুল অঙ্কের বিদেশি মুদ্রার স্বপক্ষে ধৃতরা কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। কাস্টমস অ্যাক্ট এবং ফেমা আইন লঙ্ঘনের অভিযোগে ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


তাছাড়া ডিআরআই সূত্রে খবর, ওই একইদিনে বিমানবন্দরে আরও কয়েকজন সন্দেহভাজন যাত্রীকে আটক করে তল্লাশি করা হয়। তাঁদের ব্যাগ থেকেও প্রায় ৩৯ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীদের শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার পরিমাণ সাড়ে তিন কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক এই ধরনের আর্থিক অপরাধমূলক চক্রগুলিকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিতে ডিআরআই তাদের নজরদারি ও কঠোর অভিযান জারি রাখবে।