শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যে এসি লোকাল চলত, সেটার এবার এক্সেটেনশন হচ্ছে। এবার থেকে সেটি চলবে বনগাঁ পর্যন্ত। স্বাভাবিকভাবেই খুশি শিয়ালদহ শাখা থেকে বারাসত লোকালের নিত্যযাত্রীরা। কারণ ট্রেনের রুট সম্প্রসারিত করে বনগাঁ পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল সূত্রের খবর, আগামী ২০ আগস্ট থেকে এই বর্ধিত রুট কার্যকর হতে চলেছে। এতদিন ৩৩৪৪৯ শিয়ালদহ-বারাসত এসি লোকাল রোজ সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছত। এবার আর বারাসতে না থেমে ট্রেন সোজা বনগাঁ পর্যন্ত যাবে। একইসঙ্গে বনগাঁ থেকেই ট্রেনটি আবার শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটির গতিপথ বনগাঁ পর্যন্ত বাড়ায় আগের সময়সূচিতে বদল আসতে চলেছে।
৩৩৪৪৯ শিয়ালদহ-বারাসত লোকাল শিয়ালদহ থেকে ছাড়ে সকাল ১০টা ৩৩ মিনিটে। বারাসত পৌঁছয় ১১টা ১৮ মিনিটে। কিন্তু ওই ট্রেনটিতে উল্লেখযোগ্য হারে যাত্রী হচ্ছিল না। তাই এই ট্রেনটির যাত্রাপথ বাড়ানোর দাবি উঠতে থাকে। সেই দাবিকে মান্যতা দিয়েই বিষয়টি ভাবনা চিন্তা শুরু হয়। তারপর সব দিক খতিয়ে দেখে ট্রেনটি বনগাঁ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, ২০ আগস্ট থেকে কার্যকর হবে এই বর্ধিত রুট। এসি লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রেও আশানুরূপ লাভের দেখা মেলেনি রেল কর্তৃপক্ষের। তাই সাংবাদিক বৈঠকে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছিলেন, সমস্ত দিক খতিয়ে দেখে ট্রেনটির গতিপথের এক্সেটেনশনের কথা ভাববে রেল।
তবে এই লাইনে মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বারাসত থেকে বনগাঁর মধ্যে অটোমেটিক সিগন্যালিংয়ের ব্যবস্থা না থাকা। রেল সূত্রে খবর, সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে। তাই এবার এসি লোকালের রুট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের পক্ষ থেকে বনগাঁ পর্যন্ত বর্ধিত এই ট্রেনের চূড়ান্ত অফিসিয়াল সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে রেল সূত্রে খবর, এসি লোকালটি সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ১৪ মিনিটে বারাসত স্পর্শ করবে এবং দুপুর ১২টা ৩৩ মিনিটে বনগাঁ গিয়ে পৌঁছবে। পরবর্তীতে বনগাঁ থেকে ফিরতি এসি লোকালটি দুপুর ১২টা ৩৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ২টো ২৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে।
তাছাড়া শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত একটি এসি লোকাল চলে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি ট্রেন। বারাসত পর্যন্ত চলা এসি লোকাল চলবে বনগাঁ পর্যন্ত বলেই খবর রেল সূত্রে। এখন দেখার বিষয়, এই এসি লোকাল বর্ধিত রুটে চালু হলে মানুষজনের কতটা উপকার হয়।