শিক্ষক বদলির নিয়মে বড় বদল আনছে রাজ্য সরকার, চাইলেই পছন্দের স্কুলে ট্রান্সফার নয়!

School Teacher Transfer Rules Photo-SNS

পছন্দের স্কুলে বদলি সকল শিক্ষক-শিক্ষিকাই চান। বিশেষ করে নিজের জেলা বা বাড়ির কাছে হলে সব থেকে ভাল হয়। কিন্তু চাইলেই যে তা পাওয়া যাবে এমনটা নয়। এবার রাজ্যে স্কুল শিক্ষকদের বদলি নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। নতুন বিধির খসড়া অনুযায়ী, শিক্ষকরা হয়তো আর আগের মতো নিজেদের সুবিধা মতো বা পছন্দ মতো স্কুল বেছে নেওয়ার সুযোগ পাবেন না। তার বদলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন এবং শিক্ষক-পড়ুয়ার অনুপাতকেই বদলির প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।

রাজ্য সরকার চায়, যেখানে যা দরকার সেখানে তা দেওয়া হবে। এক্ষেত্রে কারও পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়া হবে না। বিদ্যালয়ের যা দরকার সেটাকে গুরুত্ব দেওয়া হবে। রাজ্যে দীর্ঘদিন ধরে চালু থাকা শিক্ষক বদলির নানা নিয়মে পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে বলে সূত্রের খবর। ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ট্রান্সফার, স্পেশাল গ্রাউন্ড এবং রি-অ্যালোকেশন এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে এবার বদল আসতে পারে। ২০২১ সালে চালু হওয়া উৎসশ্রী পোর্টালের নিয়মেও বদল আনার সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। নয়া নীতি কার্যকর হলে আবেদনকারীরা আগের মতো তিনটি পছন্দের স্কুল বাছাই করার সুযোগ নাও পেতে পারেন।

শিক্ষক-শিক্ষিকা বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলে কতজন পড়ুয়া আছে এবং সেই তুলনায় কতজন শিক্ষক রয়েছেন সেটা খতিয়ে দেখা হবে। কোনও স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক থাকলে অথবা কোনও স্কুলে মাত্র একজন শিক্ষক থাকলে সেই বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গিয়েছে। রাজ্যের বহু স্কুলে শিক্ষক-ছাত্রের অনুপাতে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতি সামাল দিতেই সংশ্লিষ্ট স্কুলে পড়ুয়ার সংখ্যা এবং শিক্ষকের প্রকৃত চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। অতীতে শিক্ষক বদলির জেরে রাজ্যের একাধিক গ্রামীণ এবং শহরাঞ্চলের স্কুলে শিক্ষক-পড়ুয়ার অনুপাতে ভারসাম্য নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।


তাছাড়া স্কুল সার্ভিস কমিশনের বদলে শিক্ষা দপ্তর সরাসরি ট্রান্সফারের অনুমোদন দেওয়ার দায়িত্ব পেতে পারে। তবে সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট স্কুলের পরিস্থিতি এবং শিক্ষকের প্রয়োজনীয়তা বিবেচনা করা হবে। এই বিষয়ে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) করা হচ্ছে। তার জন্য আইনি পরামর্শও নেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হতে পারে বলে সূত্রের খবর।