এসআইআর ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, কেন সরলেন?

Retired Justice Biswajit Basu Photo-SNS

১৯ জন প্রাক্তন বিচারক এবং প্রাক্তন বিচারপতিদের নিয়ে তৈরি হয়েছিল এসআইআর ট্রাইব্যুনাল। ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা যাতে তাঁদের নাম তুলতে পারেন, তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি করা হয়েছিল ট্রাইব্যুনাল। ওই ১৯ জনের মধ্যে পদত্যাগ করলেন তিনজনই। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের পর এবার প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুও পদত্যাগের পথে হাঁটলেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি লিখে ট্রাইব্যুনাল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

এদিকে এই ঘটনা সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে। নির্বাচন কমিশনের জন্যই কি কাজ করতে পারছেন না বিচারপতিরা? উঠতে শুরু করেছে প্রশ্ন। কারণ এমন অভিযোগ বারবার উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল কাজ করছে। ওই ট্রাইব্যুনালে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মুর্শিদাবাদ জেলার বিবেচনাধীন তালিকায় থাকা লক্ষ লক্ষ নামগুলির নিষ্পত্তির দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু শনিবার তিনি হঠাৎ এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় নির্বাচন কমিশনের দিকে তাক করছেন অনেকে। তবে একের পর এক বিচারপতিরা সরে যাওয়ায় এখন মাত্র দু’জন বিচারপতি রইলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ এবং অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এখনও আছেন।

অন্যদিকে কিছুদিন আগে এই ট্রাইব্যুনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তিনি জানিয়েছিলেন, রোজ ভাঙাচোরা রাস্তা দিয়ে সল্টলেকের বাড়ি থেকে জোকার ট্রাইব্যুনাল পর্যন্ত যাতায়াত করতে শারীরিক সমস্যা হচ্ছে তাঁর। এই পরিস্থিতিতে দায়িত্ব সামলাতে পারবেন না বলে জানিয়ে ইস্তফা দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।


তাছাড়া প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে পদত্যাগ করেছেন। মাত্র একমাসের ব্যবধানে দুই বিচারপতি ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনাল থেকে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবার আগে ট্রাইব্যুনালের কাজ থেকে ইস্তফা দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়েই ট্রাইব্যুনাল ছাড়েন প্রাক্তন প্রধান বিচারপতি। এসআইআর নিয়ে বিতর্ক এবং ট্রাইব্যুনালে জমে থাকা আবেদনের সংখ্যা নিয়ে প্রশ্ন আছে। আবেদনের দ্রুত নিষ্পত্তিতে বিচারপতির সংখ্যা বাড়ানোর কথাও উঠেছে। সেখানে একের পর এক বিচারপতি কমলে দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে তো? উঠছে প্রশ্ন।