পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের পর ব্রিগেডে এবার রামকথার আসর

Brigade Parade Ground Photo-ANI

‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এর পর এবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসতে চলেছে রামকথার আসর। ২০২৭ সালের জানুয়ারি মাসে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছে কলকাতার অগ্রসেন সমাজ। অনুষ্ঠানটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। আয়োজকদের প্রতিনিধিরা এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রীও আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতেই ব্রিগেডে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে।

ব্রিগেডে রামকথা পাঠের দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের চিত্রকূট তুলসী পীঠের প্রধানকে। তিনিই অনুষ্ঠানে রামকথা পাঠ করবেন। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচিতে তিন লক্ষাধিক ভক্তের সমাগমের ব্যবস্থা করা হবে। এই কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে মধ্যপ্রদেশের তুলসী পীঠের প্রতিনিধি রামচন্দ্র দাস কলকাতায় এসেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস-ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম হয়েছিল এবং কর্মসূচিটি সাফল্য পেয়েছিল। তার আগে ২০২৩ সালেও ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।


রাজ্যে পালাবদলের পর এবার সেই ব্রিগেডেই রামকথার আয়োজনের পরিকল্পনা সামনে এসেছে। তবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য এখনও রাজ্য সরকারের আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় রয়েছে উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা ও আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।