সোম থেকে বাড়বে বৃষ্টির দাপট, উত্তর-দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

Photo: Magnific

ফের সক্রিয় মৌসুমি বাতাস। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিমে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই সঙ্গে একটি ঘূর্ণাবর্তও যুক্ত হয়েছে। সেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির অনুকূল পরিস্থিতির সূষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে সোমবার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।


অন্যদিকে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

সোমবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।