সপ্তাহের মাঝে কমবে বৃষ্টির দাপট! উত্তর-দক্ষিণে কবে কাটবে দুর্যোগের মেঘ?

Photo: file photo

পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে বুধবার সকালে আকাশে মেঘ থাকলেও হালকা রোদেরও দেখা মিলেছে। বুধবারও কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রাজ্যের উপর দিয়ে বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জন্য রাজ্যে বৃষ্টি হচ্ছে। বুধবারও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কোনও কোনও জায়গায় আবার মেঘ কেটে রোদের দেখা মিলতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এর অবস্থান বাংলা থেকে অনেকটাই দূরে থাকবে। ফলে বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া


বুধবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর।