পুজোয় বাড়তি ভিড় সামলাতে চার জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

File Photo

সামনেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। তারপরেই রয়েছে দীপাবলি এবং ছটপুজো। সেই পুজোকে ঘিরে ট্রেনে যাত্রীদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই ভিড় সামাল দিতে চারটি গুরুত্বপূর্ণ রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। হাওড়া-নয়াদিল্লি, কলকাতা-যোগনগরী ঋষিকেশ, কলকাতা-অমৃতসর এবং ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনাল রুটে চলবে এই বিশেষ ট্রেনগুলি। ফলে উৎসবের মরসুমে দূরপাল্লার যাত্রীদের কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

হাওড়া-নয়াদিল্লি রুটে ৪ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার হাওড়া থেকে বিশেষ ট্রেন ছাড়বে রাত ১টা ৪০ মিনিটে। অন্যদিকে, নয়াদিল্লি থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ট্রেনটি ছাড়বে। এই পরিষেবা চলবে ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডিহে ট্রেনটির স্টপেজ থাকবে।

ভাগলপুর-আনন্দ বিহার রুটে ১০ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিশেষ ট্রেন চলবে। আনন্দ বিহার থেকে দুপুর ১২টায় এবং ভাগলপুর থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে। সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুরে ট্রেনটি থামবে।


কলকাতা-যোগনগরী ঋষিকেশ রুটে ১৬ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ছয়টি ট্রিপ চলবে। কলকাতা থেকে রবিবার এবং ঋষিকেশ থেকে শুক্রবার ট্রেন ছাড়বে। নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে স্টপেজ থাকবে।

কলকাতা-অমৃতসর রুটেও আটটি ট্রিপ চালানো হবে। কলকাতা থেকে প্রতি শনিবার এবং অমৃতসর থেকে প্রতি বুধবার ট্রেন ছাড়বে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিহে স্টপেজ থাকবে। চারটি বিশেষ ট্রেনেই সাধারণ, স্লিপার ও এসি কামরা থাকবে। তবে টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা এখনও জানানো হয়নি।

আরও পড়ুন: পুজোর আগেই জট কাটল বাগবাজারের, কমিটি গঠনে নিম্ন আদালতের রায় বহাল হাইকোর্টের

এদিকে দিঘা-মালদা টাউন পুজো স্পেশালের দিন পরিবর্তন করা হয়েছে। এবার ট্রেনটি রবিবারের বদলে ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে।