শিয়ালদহে রেলকর্মীদের ‘আরম্ভ’ প্রশিক্ষণ, বাড়বে প্রশাসনিক দক্ষতা

Railway Special Training Photo-SNS

প্রশাসনিক কাজে কর্মীদের দক্ষতা বাড়াতে শিয়ালদহে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করল পূর্ব রেল। শিয়ালদহের মাল্টি-ডিসিপ্লিনারি ডিভিশনাল ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে ‘আরম্ভ’ নামে এই প্রশিক্ষণ। পূর্ব রেলের বিভিন্ন ইউনিটের মিনিস্ট্রিয়াল স্টাফদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মীদের প্রশাসনিক নিয়মকানুন এবং প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়গুলি হাতে-কলমে বোঝানো হবে এই কর্মসূচিতে। এর ফলে কাজ আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে করা সম্ভব হবে বলে রেলের দাবি। ট্রেন চলাচলকে আরও নিরাপদ ও আধুনিক করতে বড় পদক্ষেপ করল পূর্ব রেল। শিয়ালদহের বেলেঘাটায় উদ্বোধন হয়ে গেল অত্যাধুনিক মাল্টি-ডিসিপ্লিনারি ডিভিশনাল ট্রেনিং ইনস্টিটিউট।

প্রশিক্ষণ কর্মসূচির সূচনায় ইনস্টিটিউট পরিদর্শন করেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসার ড. মহুয়া ভার্মা। এ দিন প্রশাসনিক কর্মীদের জন্য ‘হ্যান্ডবুক ফর এস্টাবলিশমেন্ট ম্যাটার্স’ নামে একটি সহায়ক বইও প্রকাশ করা হয়। আগামী দিনে কর্মীদের দক্ষতা বাড়াতে আরও এমন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।


উদ্বোধনে হাজির ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর। আধুনিক প্রযুক্তি, স্মার্ট ক্লাসরুম, ল্যাব, পরীক্ষা কেন্দ্র, ৮০ শয্যার হস্টেল-সহ একাধিক অত্যাধুনিক পরিকাঠামো দিয়ে সাজানো এই ট্রেনিং ইনস্টিটিউট।