কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভিঠলরাও ঘুগে। বুধবার সকাল ১০টায় শুরু হয় শপথগ্রহণ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার-সহ একাধিক বিধায়ক। দেশের একাধিক হাইকোর্টের প্রাক্তন এবং বর্তমান বিচারপতিরাও যোগ দেন এই অনুষ্ঠানে। আদালতের এক নম্বর কক্ষে নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। বেশ কয়েকমাস পর স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। তবে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের আগে এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি বেশ কিছুদিন ধরে উঠছিল। তার মধ্যেই সুপ্রিম কোর্টের কলেজিয়ামে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গত ৯ এবং ৩১ আগস্ট এই বিষয়টির উপর সুপারিশ করেন। তারপরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সমাজমাধ্যমে জানান, রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এই নিয়োগে সম্মতি দিয়েছেন। সুতরাং এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো বলে জানা গিয়েছে। এমনকী স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগে বিচারব্যবস্থায় অনেকটাই গতি আসবে বলে মনে করছেন আইনজীবীরা।
১৯৯০ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেছিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। প্রায় দু’হাজারেরও বেশি মামলায় সওয়াল করেছিলেন তিনি। যার মধ্যে বেশিরভাগই শ্রমিক ইউনিয়নের মামলা। তবে পরে একাধিক শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও মামলায় সওয়াল করেছিলেন। এমনকী বিচারপতি পদে থাকা এবং দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে বিচারপতি রবীন্দ্রের। এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন। কলকাতা হাইকোর্ট ছাড়াও দেশের আরও বেশ কয়েকটি হাইকোর্টেও প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে।
তাছাড়া বিচারপতি ঘুগে বাবাসাহেব আম্বেদকার মারাঠওয়াড়া বিদ্যাপীঠে অতিথি অধ্যাপক হিসেবেও শিক্ষকতা করেছেন। তাঁর বাবা ভি বি ঘুগে ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। রবীন্দ্র ঘুগে ঔরঙ্গাবাদের বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিয়াল লইয়ার্সের সচিব এবং সভাপতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৩ সালের ২১ জুন বম্বে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন ঘুগে। তার পর ২০২৬ সালের জুন মাসে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি। এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হলেন রবীন্দ্র ভিঠলরাও ঘুগে। শপথ নেওয়ার পর প্রধান বিচারপতি বলেন, ‘একসময় আমি সাধারণ সাইকেলে চড়ে নিজের কর্মজীবন শুরু করেছিলাম। আজ সেখান থেকে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আসনে বসা আমাদের মহান গণতন্ত্রের একটি অনন্য দৃষ্টান্ত। কঠোর পরিশ্রম, সততা এবং অবিচল নিষ্ঠা যে কোনও সাধারণ মানুষকেও সর্বোচ্চ সম্মানের শিখরে পৌঁছে দিতে পারে। এটা তারই প্রমাণ। আজকে এই জায়গায় পৌঁছনোর পিছনে আমার পরিবারের একটি বিরাট এবং নীরব ত্যাগ জড়িয়ে রয়েছে। যা ছাড়া এই পথ অতিক্রম করা সম্ভব হতো না। শুরুর পথটি হয়তো অত্যন্ত খাড়া, কঠিন এবং ক্ষমাহীন মনে হতে পারে। কিন্তু আইন তার পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে সবসময়ই অত্যন্ত সুবিচার করে থাকে।’
স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘আমার স্ত্রী এই পুরো যাত্রায় আমার পাশে ছিল।’ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে জানিয়েছেন, ‘কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করায় মাননীয় বিচারপতি আর. ভি. ঘুগেকে অভিনন্দন জানাই। এই নতুন দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আমি তাঁর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মহান রাজ্য পশ্চিমবঙ্গে তাঁকে উষ্ণ স্বাগত জানাচ্ছি।’