হাইকোর্টের কড়া নির্দেশে ফিরল ১.৩৪ একরের পুকুর, পুনরুদ্ধারের খরচ মালিকের কাছ থেকেই আদায়ের উদ্যোগ

Photo: হাইকোর্টের কড়া নির্দেশে ফিরল ১.৩৪ একরের পুকুর (AI)

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশে অবশেষে বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে বড় পদক্ষেপ। প্রায় ১.৩৪ একর আয়তনের ভরাট হয়ে যাওয়া জলাশয় পুনরুদ্ধার করল বহরমপুর পুরসভা। প্রায় দু’মাস ধরে খনন ও সংস্কারের কাজ চালিয়ে গত ৭ নভেম্বরের মধ্যে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সেই সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট জমা দিল পুরসভা।

বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন ওই জলাশয়কে কেন্দ্র করে গত ছয়-সাত বছর ধরে আইনি লড়াই চলছিল। অভিযোগ, মাত্র চার শতক জমি ব্যবহারের অনুমতি নিয়ে জমির মালিক বেআইনিভাবে গোটা পুকুরটিই বুজিয়ে দেন। বিষয়টি আদালতে গড়ালে ২০২৪ সালে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুরসভার যৌথ পরিদর্শনে পুকুর ভরাটের অভিযোগের সত্যতা সামনে আসে।

২০২৪ সালে পুকুর সংস্কারের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন মামলাকারী। গত ৩১ আগস্ট, ২০২৬ সালে সিঙ্গল বেঞ্চ দ্রুত জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় অভিযুক্ত পক্ষ। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি।


সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে পুকুর পুনরুদ্ধারের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চও। এরপরেই আদালতের নির্দেশ কার্যকর করতে বিএলআরও এবং পুলিশের সহযোগিতায় কাজে নামে বহরমপুর পুরসভা। শুরু হয় পুকুর খনন ও সংস্কারের কাজ। বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত রিপোর্ট পেশ করে পুরসভার আইনজীবী অরিন্দম দাস জানান, আদালতের নির্দেশ মেনেই বেআইনিভাবে ভরাট হওয়া জলাশয়টিকে সম্পূর্ণ পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অন্য মামলায় গ্রেপ্তারি আটকাতে হাইকোর্টে আর্জি খারিজ, নতুন মামলায় গ্রেপ্তার সুমিত

পুরসভার তরফে আরও জানানো হয়েছে, প্রথমে জমিটি ব্যক্তিমালিকানাধীন থাকলেও ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী বেআইনিভাবে জলাশয় ভরাটের পর তা পুনরুদ্ধার করায় বর্তমানে সেটি পুরসভার অধীনে। ভবিষ্যতে জলাশয়টির রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে পুরসভা। শুধু তাই নয়, পুকুর পুনরুদ্ধারে সরকারি কোষাগার থেকে যে অর্থ খরচ হয়েছে, তা সংশ্লিষ্ট জমির মালিকের কাছ থেকে আদায়ের উদ্যোগও শুরু হয়েছে। ওই টাকা আদায়ের জন্য আইন মেনে মালিককে নোটিশ পাঠানো হয়েছে।