কলকাতা মেডিক্যালে হামলার প্রতিবাদে মিছিলের অনুমতি দিল না পুলিশ

Image: Social Media

কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তি ও হামলার ঘটনার প্রতিবাদে বৌবাজার থানা পর্যন্ত মিছিল করতে চেয়েছিলেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের একাংশ। কিন্তু সেই মিছিলের অনুমতি দিল না পুলিশ। বুধবার ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর তরফে বৌবাজার থানায় ইমেল করে অনুমতি চাওয়া হয়েছিল। মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের ডাকে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ইমেল করে পুলিশ জানিয়ে দেয়, মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়।

কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর ঘটনায় আগেই বৌবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তিন ইন্টার্নকে তলব করেছে পুলিশ। বৃহস্পতিবার মিছিল করে ওই তিন ইন্টার্নকে সঙ্গে নিয়ে থানায় হাজির হওয়ার পরিকল্পনা ছিল চিকিৎসকদের। পুলিশের বক্তব্য, মিছিল করে থানা অভিযানের অর্থ তদন্তপ্রক্রিয়া ও আইনি কাজে বাধা সৃষ্টি করা। এতে আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে সরল ‘ধাম’, শুভেন্দুকে ধন্যবাদ ওড়িশার মুখ্যমন্ত্রীর


উল্লেখ্য, চোরবাগান কাণ্ডের দিন কাজ ফেলে সাংবাদিক বৈঠক এবং জরুরি বিভাগে ওষুধের অভাব নিয়ে অভিযোগ তোলায় আট ইন্টার্নকে শো-কজ করেছিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শো-কজ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। গত ১৮ নভেম্বর রাতে অধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে ঘেরাও করা হয়। অভিযোগ, সেই সময় বাইরে থেকে কয়েকজন ঢুকে হামলা চালান এবং অধ্যক্ষের ঘরের বাইরের করিডরের কাচ ভাঙচুর করেন। ঘটনায় এবিভিপির নাম জড়ায়।

এদিকে, অশান্তির ঘটনার তদন্তে স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে। বুধবার রাতে হাসপাতাল চত্বরে কী ঘটেছিল, কারা হামলা চালিয়েছিলেন এবং জুনিয়র চিকিৎসকদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখবে ওই কমিটি।

আরও পড়ুন: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’, কারা পাবেন মাসে ১৫০০-২০০০? সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ

ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় দাবি করেছেন, ঘেরাওয়ের সময় দুই অধ্যাপককে শারীরিক নিগ্রহ করা হয়েছে। তাঁর অভিযোগ, সিসিটিভি ফুটেজে অধ্যাপকদের মারধরের ছবি দেখা গিয়েছে। অন্যদিকে, বিক্ষুব্ধ ইন্টার্নদের দাবি, এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্যের নেতৃত্বে বহিরাগতেরা কলেজে ঢুকে হামলা চালান। তাঁদের সঙ্গে এনএমও-র সমর্থকেরাও ছিলেন বলে অভিযোগ।

যদিও এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য সংগঠনের যোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রাথমিক প্রতিবাদ জানানোর পর তাঁরা সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। পরবর্তী সময়ে যাঁরা কলেজে ঢুকেছিলেন, তাঁদের সঙ্গে এবিভিপির কোনও সম্পর্ক নেই। গত কয়েকদিনের এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা অব্যাহত।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=skcl0pKMWJy9WpbF” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>