সম্প্রতি চিনির দামের বাড়বাড়ন্ত ব্যাপক প্রভাব ফেলেছে মধ্যবিত্তের রসনায়। দাম বেড়েছে মিষ্টি থেকে শুরু করে চায়ের। প্রভাব পড়েছে মন্দিরের ভোগ রান্নাতেও। চিনির দাম কমানোর দাবি নিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতিও। এই আবহে আর একটা ধাক্কা এসে লাগল মধ্যবিত্তের হেঁশেলে। এবার দাম একলাফে প্রায় সাড়ে তিনগুণ বেড়ে গেল পিঁয়াজের। আর পিঁয়াজের এমন ব্যাপক দামবৃদ্ধির ঝাঁঝে চোখে জল নেমে এসেছে মধ্যবিত্তের। গৃহস্থরা বাজারে গিয়ে কার্যত দাম শুনে ঝটকা খাচ্ছেন। কেউ কেউ নিজের কানকে বিশ্বাস করতে না পেরে দু’বার করে জিজ্ঞাসা করছেন দাম।
কদিন আগে পর্যন্ত ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পিঁয়াজ। সেখানে রাতারাতি এমন দাম বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের বাজারে গিয়ে। রবিবার পিঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকা কেজি। তাই গৃহস্থরা সোমবার বাজারে গিয়ে ভিড়মি খেতে শুরু করেছেন। সপ্তাহান্তের ছুটির দিনে মাছ-মাংস খাওয়ার চল আছে বাঙালিদের। কিন্তু চল থাকলেও এখন চোখে নেমে এসেছে জল। আর তাই বাজারে পিঁয়াজ কিনতে গিয়ে স্তম্ভিত হয়ে পড়ছেন মধ্যবিত্তরা। প্রয়োজনের তুলনায় অনেক কম পিঁয়াজ কিনে বাড়ি ফিরতে হয়েছে অনেককেই। পিঁয়াজের দাম একধাক্কায় প্রায় তিন থেকে সাড়ে তিনগুণ বেড়ে যাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই।
গত কয়েক মাস ধরেই স্থির ছিল পিঁয়াজের দাম। ২০ টাকা থেকে খুব বেশি হলে ২২ টাকা প্রতি কেজি দামে বিক্রি হচ্ছিল পিঁয়াজ। কিন্তু তা মধ্যবিত্তের নাগালের বাইরে যায়নি। কিন্তু এই নিত্যপ্রয়োজনীয় আনাজের দাম এখন মধ্যবিত্তের নাভিশ্বাস তুলে দিয়েছে। কিন্তু গত তিনদিনে সেই দামই তিন থেকে সাড়ে তিনগুণ বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন খুচরো ব্যবসায়ীরা। মালদহের ইংরেজবাজারের ঋষি বঙ্কিমচন্দ্র পুর বাজারে রবিবার পিঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। খুচরো পিঁয়াজ বিক্রেতারা জানান, শনিবারে ৭০ টাকা প্রতি কেজিতে পৌঁছে গিয়েছিল দাম। রবিবার সামান্য কমলেও গত কয়েকদিন ধরে পিঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। গত চারদিনে ৫০ টাকার নীচে নামেনি পিঁয়াজের দাম।
মালদহে এই দাম শুধু আটকে থাকেনি। তা এসে পড়েছে কলকাতার বাজারেও। এমনকী হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় পিঁয়াজের দাম আগুন হয়ে গিয়েছে। গৃহস্থরা বাজারে গিয়ে দেড় কেজি পিঁয়াজ কিনতে এসে হাফকেজি কিনেই বাড়ি ফিরেছেন। এই চড়া দামের জেরে অনেক ঝালমুড়ি, চপের দোকান থেকেও উধাও হয়ে গিয়েছে পিঁয়াজি। কেন হঠাৎ চড়া হলো পিঁয়াজের দাম? উত্তর নেই বিক্রেতাদের কাছেই। খুচরো ব্যবসায়ীরা জানান, তাঁরা পাইকারি বাজারে শুনেছেন জোগানের স্বল্পতার কথা। জেলা প্রশাসন দ্রুত বিষয়টির দিকে নজর দিতে চলেছেন বলে সূত্রের খবর।