রাজ্য পুলিশে ‘ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম’, নবান্নে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি

One Nation One Uniform Photo-SNS

‘ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম’ চালু হতে  চলেছে পশ্চিমবঙ্গের পুলিশে। এমনই খবর জানতে পারা গিয়েছে নবান্ন সূত্রে। একই ধরনের পোশাক পুলিশের হলে যে কোনও প্রান্তের পুলিশকে সহজেই চিহ্নিত করা যাবে এবং পুলিশের মধ্যে একাত্মবোধও গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এই ভাবনা থেকেই ‘ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম’ করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও আইনশৃঙ্খলা রাজ্য তালিকাভুক্ত। তাই পুলিশের নানা পদাধিকারীদের পোশাক কেমন হওয়া উচিত সেটার একটি তালিকা তৈরি করে রাজ্যগুলির কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। নবান্নে এসে পৌঁছেছে সেই চিঠি। সেগুলি জমা পড়লেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক এই পোশাক চালুর বিষয়ে লিখিত নির্দেশিকা জারি করবে বলে জানা গিয়েছে।

‘ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম’ যে অত্যন্ত সদর্থক পদক্ষেপ তেমনই মনে করছে পুলিশ মহলও। কারণ কোথাও সাদা, কোথাও খাঁকি পোশাক থাকায় একটা বৈষম্য থাকছে বলে অনেক সময় পুলিশের মধ্যেও চর্চা হয়ে থাকে। সেখান থেকে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চিন্তন শিবিরে বলেছিলেন, আইনশৃঙ্খলা রক্ষা প্রত্যেকটি রাজ্যের দায়িত্ব। তবে দেশের ঐক্য সংহতি বজায় রেখে এক দেশ এক ইউনিফর্মের প্রয়োজন আছে। আর স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ব্যুরো অফ পুলিশ রিসার্ট অ্যান্ড ডেভেলপমেন্ট গোটা দেশের পুলিশদের ইউনিফর্মের অভিন্ন কাঠামো তৈরির কাজ শুরু করে দেয়। তার জেরেই এমন চিঠি নবান্নে এসে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।

আর এই কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পুলিশের ইউনিফর্মের ডিজাইন, খরচ ও ভাতার বিষয়ে বিবরণ সংগ্রহ করা হয়েছে। তারপর ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নানা পদমর্যাদার জন্য পুলিশ কর্মীদের ইউনিফর্মের ডিজাইন সমস্ত রাজ্যগুলিকে পাঠিয়ে দেয়। সেখানে সিভিল (থানা) এবং ট্রাফিক পুলিশের পোশাক পৃথক করা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, কনস্টেবল, হেড কনস্টেবলরা পরবেন খাঁকি, নীল রঙের টুপি, সিঙ্গল স্ট্রিং, খাঁকি বেল্ট এবং কালো জুতো। এএসআই ও সাব ইনস্পেক্টররা পরবেন খাঁকি টুপি, চামড়ার বেল্ট, গোড়ালি পর্যন্ত জুতো। এএসআইদের একটা স্ট্রিং এবং এসআইদের দুটো স্ট্রিং থাকবে। থানার ইনস্পেক্টর এবং ডিএসপিরা পরবেন খাঁকি টুপি, নীল রঙের ডবল স্ট্রিং, চামড়ার বেল্ট ও অক্সফোর্ড ব্রাউন জুতো। অতিরিক্ত পুলিশ সুপারদের ক্ষেত্রে নীল চুপি, নীল রঙের ডবল স্ট্রিং, ব্রাউন রঙের চামড়ার বেল্ট এবং একই রংয়ের অক্সফোর্ড জুতো রাখা হয়েছে।


তাছাড়া ট্রাফিক পুলিশের ক্ষেত্রে কনস্টেবল এবং হেড কনস্টেবলদের টুপির রঙ হবে সাদা ও লাল, সাদা বেল্ট, কালো জুতো ও লাল রঙের একটি স্ট্রিং। এএসআই ও সাব ইনস্পেক্টরদের পোশাক হবে খাঁকি চুপি, সাদা বেল্ট, কালো জুতো ও খাঁকি রঙের দুটি স্ট্রিং। ইনস্পেক্টর এবং ডিএসপিদের ক্ষেত্রে যথাক্রমে টুপি এবং দুটি স্ট্রিংয়ের রঙ হবে খাঁকি ও নীল, ব্রাউন রঙের বেল্ট ও জুতো। থানা ও ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপারদের ক্ষেত্রে পোশাক একই থাকছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, পোশাকের মূল রঙ, ডিজাইন এবং কাপড়ের গুণগতমান দেশজুড়ে একই থাকবে। তবে প্রত্যেকটি রাজ্যের পুলিশ তাদের নিজস্ব লোগো এবং ব্যাজ লাগাতে পারবে।