আগামী রবিবার কলকাতা মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা থাকলে আগেই সতর্ক হওয়া জরুরি। কারণ রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ নভেম্বর ব্লু লাইনে আংশিক পরিষেবা মিলবে মেট্রোয়। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। তার জেরে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে। কলকাতা মেট্রোয় পাওয়ার ব্লক ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই খবর এখন ছড়িয়ে পড়েছে।
এদিন অফিস ফেরত যাত্রীদের মধ্যে এই আলোচনা সবচেয়ে বেশি হয়েছে। কারণ সরকারি অফিস-কাছারি ছুটি থাকলেও বেসরকারি বহু অফিস রবিবারও খোলা থাকে। সেখানে শিফটে কাজ চলে। সকালের শিফটে যাঁরা মেট্রোর উপর নির্ভর করেন তাঁদের চাপ বাড়ল। কারণ তাঁদের বাসের উপর নির্ভর করতে হবে। রবিবার আবার বাস কম পাওয়া যায়। তার উপর সব রুটে সঠিক সময়ে তা মেলেও না। এইসব নিয়ে কপালে ভাঁজ পড়েছে নিত্যযাত্রীদের। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পাওয়া না গেলেও ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং আপ লাইনেও একই পথে মেট্রো মিলবে বলে বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে।
মেট্রোর বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে, মহানায়ক উত্তমকুমার এবং নেতাজি মেট্রো স্টেশনে পাওয়ার ব্লক ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই ব্লু লাইনের সম্পূর্ণ রুটে পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে না। নির্ধারিত কাজ শেষ না হওয়া পর্যন্ত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। ব্লু লাইনে সম্পূর্ণ রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে সন্ধ্যা ৬টা বেজে যাবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক পরিষেবা মিলবে। তাতে খানিকটা উপকার হলেও সম্পূর্ণ পরিষেবা মিলবে না বলে অনেককেই বাস রুটে গন্তব্যে পৌঁছতে হবে। এই নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।
তাছাড়া রবিবারের সূচি সেক্ষেত্রে থাকছে, আপ এবং ডাউনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে ওই দিনে। সকাল ৯টা নাগাদ প্রথম মেট্রো চালু হবে দক্ষিণেশ্বর থেকে। সকাল ৯টা ১৫ মিনিটে ময়দান থেকে পাওয়া যাবে দিনের প্রথম মেট্রো। গোটা লাইনে পরিষেবা স্বাভাবিক হতে সন্ধ্যা ৬টা পেরিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে ইয়েলো লাইন অর্থাৎ জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া এবং গ্রিন লাইন, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে রবিবার স্বাভাবিক পরিষেবা থাকবে। অরেঞ্জ এবং পার্পল লাইনে মেট্রো রবিবার বন্ধই থাকে। ব্লু লাইনে রবিবার খুব ভিড় হয় না।