যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে দায়ের হওয়া মামলায় কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা এবং পড়ুয়াদের স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও পক্ষেরই আপত্তির সুযোগ নেই বলে জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
মামলায় বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের প্রবেশ রুখতে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। শুনানিতে আদালত স্পষ্ট করে দেয়, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় ও রাজ্য যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করতে বাধ্য হবে।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, “শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, পড়ুয়াদের স্বাস্থ্যের মতো ইস্যুতে সবাইকে এগিয়ে আসতে হবে।” আদালতের পর্যবেক্ষণ, নিরাপত্তার বিষয়টি এমন একটি ইস্যু, যেখানে কোনও পক্ষের আপত্তি থাকার কথা নয়।
আদালত নির্দেশ দিয়েছে, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনওভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বা আশপাশে আইনশৃঙ্খলার অবনতি হতে দেওয়া যাবে না। ইতিমধ্যেই রাজ্যের তরফে আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে আদালতে জানানো হয়।
এবার সেই হলফনামার প্রেক্ষিতে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের হলফনামা এবং নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলির বক্তব্য পরবর্তী শুনানিতে খতিয়ে দেখবে আদালত। আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।
আদালতের কড়া বার্তায় স্পষ্ট, বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রশ্নে এবার আর কোনও গাফিলতি বরদাস্ত করতে চাইছে না হাইকোর্ট।