দুর্গাপুজোর আগে যাত্রী পরিষেবার উন্নতিতে আরও কয়েকটি পদক্ষেপ করল শিয়ালদহ ডিভিশন। ব্যারাকপুর স্টেশনে চালু হয়েছে নতুন টিকিট বুকিং কাউন্টার। এর পাশাপাশি শিয়ালদহ ও বালিগঞ্জ স্টেশনে চালু হল আধুনিক ‘পে অ্যান্ড ইউজ’ শৌচাগার। দমদম স্টেশনেও পুজোর আগে এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে রেলের।
ব্যারাকপুর স্টেশনের রানাঘাট প্রান্তে নতুন টিকিট কাউন্টারটি তৈরি করা হয়েছে। এর ফলে টিকিট কাটার জন্য যাত্রীরা অতিরিক্ত একটি কাউন্টার পেলেন। বিশেষ করে ব্যস্ত সময়ে এবং উৎসবের মরসুমে টিকিটের জন্য ভিড় কমাতে এই ব্যবস্থা সহায়ক হবে বলে মনে করছে রেল।
কাউন্টারটি এমন একটি জায়গায় করা হয়েছে, যাতে যাত্রীরা স্টেশনের প্রশস্ত ফুট ওভারব্রিজ এবং অতিরিক্ত প্রবেশপথ আরও সহজে ব্যবহার করতে পারেন। এর ফলে স্টেশনে যাত্রীদের যাতায়াতও সুবিধাজনক হবে বলে আশা।
অন্যদিকে, শিয়ালদহ ও বালিগঞ্জ স্টেশনে বিমানবন্দরের আদলে তৈরি আধুনিক শৌচাগারগুলি মঙ্গলবার সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরুষ, মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের জন্য পৃথক ব্যবস্থার পাশাপাশি শৌচাগারগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দমদম স্টেশনেও একই ধরনের শৌচাগার চালুর কাজ চলছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা উড়িয়ে ভিবজিওরের সম্পত্তি বিক্রি! ইডির তদন্তের নির্দেশ হাইকোর্টের
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখেই স্টেশনের পরিকাঠামো ও পরিষেবা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুজোর সময়ে শহরতলির ট্রেনে যাত্রীসংখ্যা বাড়ে। সেই সময়ে টিকিট কাটার সুবিধা বৃদ্ধি এবং স্টেশনে প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।