হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হলে কী করণীয়, পুরকর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ এনডিআরএফের

Image: SNS

বাড়িতে, অফিসে কিংবা রাস্তায় আচমকা কারও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কী ভাবে দ্রুত পদক্ষেপ করতে হবে? কী ভাবেই বা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে বিপন্ন মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করা সম্ভব? এমনই জরুরি পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। সোমবার কলকাতা পুরসভার কনফারেন্স রুম ২-এ এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এনডিআরএফের দ্বিতীয় ব্যাটালিয়নের আধিকারিকেরা শিবিরে উপস্থিত থেকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) পদ্ধতির ব্যবহারিক দিকগুলি তুলে ধরেন।

প্রশিক্ষণ শিবিরে হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কিংবা কোনও ব্যক্তি স্বাভাবিক ভাবে শ্বাস নিতে না পারলে কীভাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে, তার লাইভ ডেমো দেখানো হয়। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বয়স্ক ব্যক্তি ও শিশুদের ক্ষেত্রে কী ভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, তা-ও হাতে-কলমে শেখানো হয় পুরকর্মীদের। জরুরি পরিস্থিতিতে সঠিক সময়ে সিপিআর শুরু করা এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার গুরুত্বের উপর বিশেষ জোর দেন প্রশিক্ষকেরা।

আরও পড়ুন: সংশোধিত ফর্ম ৬-এর প্রসঙ্গই ওঠেনি আদালতে, জানাল প্রধান বিচারপতির বেঞ্চ


সিপিআর পদ্ধতিতে বুকের মাঝখানে নির্দিষ্ট নিয়মে চাপ দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে রক্ত চলাচল বজায় রাখার চেষ্টা করা হয়। পরিস্থিতি ও প্রশিক্ষণ অনুযায়ী কৃত্রিম শ্বাস দেওয়ার পদ্ধতিও প্রয়োগ করা হতে পারে। চিকিৎসক বা অ্যাম্বুল্যান্স পৌঁছনোর আগে দ্রুত এই পদক্ষেপ শুরু করা গেলে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা বাড়তে পারে। তাই জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কী ভাবে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সেই বিষয়েও পুরকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

শুধু আকস্মিক চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি নয়, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার বিভিন্ন কৌশলও শেখানো হয় এই শিবিরে। বন্যার সময় জলে ডুবে যাওয়া ব্যক্তিকে কী ভাবে নিরাপদে উদ্ধার করতে হবে, বিপর্যয়ে গুরুতর আহত ব্যক্তিকে কী ভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেন এনডিআরএফের আধিকারিকেরা। পাশাপাশি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা অন্য কোনও দুর্ঘটনায় কেউ অচেতন হয়ে পড়লে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, তা-ও শেখানো হয়।

আরও পড়ুন: এ তো মহাদেবের তাণ্ডব, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলন চলবে, সুপ্রিম কোর্টের পথে ইন্ডি জোট

এনডিআরএফের কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সন্তোষ কুমার জানান, সাধারণ মানুষের মধ্যে বিপর্যয় মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচানোর বিষয়ে সচেতনতা বাড়াতেই এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তাঁর কথায়, কোনও দুর্ঘটনা বা বিপর্যয়ের সময় উদ্ধারকারী দল পৌঁছনোর আগেই আশপাশের মানুষ প্রয়োজনীয় প্রাথমিক পদক্ষেপ করতে পারলে অনেক ক্ষেত্রে প্রাণ বাঁচানো সম্ভব।

সেই লক্ষ্যেই কলকাতা পুরসভার কর্মীদের প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের আধিকারিক সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি বছর এনডিআরএফের সহযোগিতায় এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।  পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই কলকাতা পুরসভার বিভিন্ন বোরো এলাকায় এই প্রশিক্ষণ কর্মসূচি চালানো হচ্ছে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=mjdIbEi2ud91I0vQ” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>