সময়সীমার মধ্যে পরিষেবার কাজ শেষ করতে হবে, সরকারি কর্মীদের শোকজ দাওয়াই নবান্নের

Nabanna Photo-SNS

নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও শংসাপত্র, অনুমোদন অথবা লাইসেন্স মঞ্জুর না করা হলে এবার সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার মুখ্যসচিবের দপ্তর থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। দিনের পর দিন জরুরি ফাইল আটকে রাখা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করতে হবে। দেরির কোনও অজুহাত দেওয়া যাবে না। সেটা না হলে শোকজ করা হবে সংশ্লিষ্ট কর্মী, অফিসারকে। সরকারি কাজে গতি আনতে এদিন বিজ্ঞপ্তি জারি করে নতুন ‘দাওয়াই’ দেওয়ার কথা জানাল নবান্ন।

এদিকে পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩ অনুযায়ী সরকারি কর্মীদের সতর্ক করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিস জারি করে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, দ্রুতই এই নিয়ম কার্যকর করতে হবে। নির্দেশিকা অনুযায়ী, নানা আইন এবং নিয়ম অনুযায়ী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও আবেদন নিষ্পত্তি না করা হয় তখন তা স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর বলে ধরে নেওয়া হয়। এই ধরনের ঘটনা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত অফিসারের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করার ব্যর্থতা হিসেবেই দেখা হয় এবং তার জন্য তাঁদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে বিজেপি সরকারের আমলে নিয়ম আরও কঠোর হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে বারবার জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত দপ্তরের কাজ শেষ করতে হবে। কোনওভাবেই কাজে ঢিলেমি দেওয়া যাবে না। সেক্ষেত্রে উন্নয়নের কাজ আটকে যাবে। যেটা কাম্য নয়। এবার সেই বার্তাই আরও জোরদার করতে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করল। সেখানে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলে শোকজের মুখে পড়তে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, কর্মীদের। তাঁদের শোকজ করার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে ওই দপ্তরের প্রধানকে। শোকজের চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে। তারপর ব্যবস্থা নেবে রাজ্য সরকার।


তাছাড়া নবান্ন সূত্রে খবর, প্রত্যেকটি দপ্তরকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে গত মাসের ডিমড গ্র্যান্ট বা স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হওয়া মামলার সংখ্যা, জারি হওয়া শোকজ নোটিস এবং গৃহীত পদক্ষেপের একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যে ক্ষমতায় আসার পর একাধিক শিল্পপতির সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের রাজ্যে আসতে অনুরোধও করেছেন। কদিন আগে আবার নতুন শিল্পনীতিও ঘোষণা করেছেন তিনি। এই আবহে মুখ্যসচিবের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কোনও কাজে ডেডলাইন মিস করলে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে। সরকারি কর্মীদের উপর কাজের চাপ আরও বাড়ল।