পশ্চিমবঙ্গের নাগরিকরা এবার অনায়াসেই জানাতে পারবেন নিজেদের অভাব-অভিযোগ। প্রত্যেক সপ্তাহে একদিন করে জনতার দরবারে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু মানুষের সমস্যার কী শেষ আছে। একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা নিয়ে অনেক সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। তার উপর আছে নানা অভিযোগ থেকে শুরু করে জরুরি প্রয়োজনও। যদিও একটা দিনে সব কথা বলে ওঠা যায় না। এই অবস্থার কথা অনুভব করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই জনগণের কথা এবার শোনার ব্যবস্থা করল রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে রবিবার জারি করা হলো বিশেষ নির্দেশিকা। মহকুমাশাসক-সহ উচ্চপদস্থ সরকারি অফিসারদের সঙ্গে এবার থেকে সরাসরি দেখা করে নিজেদের কথা জানাতে পারবেন সাধারণ মানুষ।
মানুষের কথা যাতে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছয় এবং মানুষের সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তার জন্য এবার খোদ সরকারি দপ্তরে বসবে ‘জনতার দরবার।’ মুখ্যসচিব মনোজ আগরওয়াল এদিন এমনই নির্দেশিকা জারি করেছেন। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সরকারি অফিসারদের সরাসরি এবার থেকে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে হবে। তার জন্য প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট দু’দিন ঠিক করা হয়েছে। শুধু শহরেই নয়, এই প্রক্রিয়া চলবে জেলাস্তর থেকে ব্লকস্তর পর্যন্ত। তার জন্য একাধিক দপ্তরের ফিল্ড লেভেল অফিসারদের এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সরকারি অফিসারদের সঙ্গে দেখা করতে পারবেন সাধারণ মানুষ। অফিস জনগণের জন্য খোলা থাকবে ওই দু’দিন। কোনও আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করবেন এবং কথা শুনবেন অফিসাররা। ওই দুদিন বাইরে যেতে পারবেন না অফিসাররা।
এমনকী নির্দিষ্ট দিনে সরকারি দপ্তরে গেলেই সরাসরি নিজের সমস্যার কথা আধিকারিককে জানানো যাবে। এই উদ্যোগে জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুরসভার কমিশনার, পুলিশ আধিকারিক-সহ নানা দপ্তরের ফিল্ড-লেভেল অফিসারদের এক্ষেত্রে যুক্ত করা হয়েছে। আর সাধারণ মানুষের জন্য যাতে অফিসাররা সময় দিতে পারেন তার জন্য ওই সময়ে যতটা সম্ভব বৈঠক, সরকারি সফর বা অন্য কর্মসূচি না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিসারের সরকারি ই-মেইল এবং মোবাইল নম্বর দপ্তরের এমন একটি জায়গায় প্রকাশ করতে হবে, যাতে সব মানুষ সহজেই সেটা দেখতে পান। এমনকী সংশ্লিষ্ট দপ্তর বা বিভাগের সরকারি ওয়েবসাইটেও ওই তথ্য স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।
তাছাড়া কোন দপ্তরের কোন দিন এবং কখন অফিসাররা সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন সেটা নোটিস দিয়ে আগাম জানাতে হবে। এটাও নবান্নের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগ শুনে যে দায়িত্ব শেষ হয়ে যাবে তা নয়! তার ভিত্তিতে কী পদক্ষেপ করা হলো তারও হিসাব রাখতে হবে। এই কারণে ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টালে অভিযোগ এবং তার ভিত্তিতে করা পদক্ষেপ নথিভুক্ত করার ব্যবস্থা জোরদার করা হচ্ছে।