হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে কীভাবে কীটনাশক প্রবেশ করল, তা নিয়ে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর দিদি রেবা নস্কর। মঙ্গলবার তিনি বলেন, এর পিছনে কোনও গভীর ষড়যন্ত্র থাকতে পারে। ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
তবে এই ষড়যন্ত্রের অভিযোগে কারও নাম উল্লেখ করেননি রেবা। দলের অভ্যন্তরে নাকি পরিবারের মধ্যেই কোনও সমস্যা রয়েছে, তা নিয়েও স্পষ্ট করে কিছু বলেননি তিনি। অন্যদিকে, হাসপাতালে গিয়ে রেখা পাত্রের সঙ্গে দেখা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায়। বিধায়কের পাশে দলের সদস্যরা রয়েছেন বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে রেখার শ্বশুর ধীরেন পাত্রের বিস্ফোরক অভিযোগে সামনে এসেছে পরিবারের অশান্তির ছবি। তাঁর দাবি, নির্বাচনের পর থেকে রেখা আর শ্বশুরবাড়িতে থাকেন না। আন্দোলনের সময়ে পরিবারের সকলে তাঁকে সমর্থন করলেও বিধায়ক হওয়ার পর থেকে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি তিনি। এমনকী, রেখার দিদি ও জামাইবাবুর বিরুদ্ধে তাঁর ছেলে তথা রেখার স্বামী সন্দীপকে মারধরের ব্যবস্থা করার অভিযোগও তুলেছেন ধীরেন।
ধীরেনের কথায়, বর্তমানে রেখার জীবনের সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন তাঁর দিদি ও জামাইবাবু। একই সুর শোনা গিয়েছে রেখার শাশুড়ি অনুপমা পাত্রের গলাতেও। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই রেখা তাঁদের খোঁজখবর নেওয়া বন্ধ করে দিয়েছেন।
অন্যদিকে, বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন রেখা পাত্র। কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিধায়ক। মঙ্গলবার তাঁর আরও একটি সিটি স্ক্যান করা হয়। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।
উল্লেখ্য, সন্দেশখালির আন্দোলনের মুখ হিসেবে রেখা পাত্র পরিচিতি পেয়েছিলেন। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পরে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেও তিনি পরাজিত হন। পরে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হন।
আরও পড়ুন: হেলমেট ছাড়া বাইক পার্কিংয়ে নিষেধাজ্ঞা, কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের
শনিবার রাতে গুরুতর বিষক্রিয়ার কারণে তাঁকে সঙ্কটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। লেবুখালির ভাড়াবাড়িতে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার বা আগাছানাশক খাওয়ার সম্ভাবনা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছে। তবে ঠিক কীভাবে তাঁর শরীরে বিষ প্রবেশ করেছে, তা এখনও নিশ্চিত নয়।