খড়্গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুর রহস্য! সুবিচার চেয়ে হাইকোর্টে দ্বারস্থ পরিবার

Photo: খড়্গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুর রহস্য (AI)

খড়্গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু। সেখানে ছাত্র মৃত্যুর ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মধ্যে ছেলের মৃত্যুর সুবিচার চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে দারস্থ হলেন অঙ্কিত শর্মার পরিবারের সদস্যরা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অঙ্কিত শর্মার পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভবনা রয়েছে।

গত বছর জুলাইয়ে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর আইআইটিতে ভর্তি হয়েছিলেন অঙ্কিত শর্মা। তিনি ছিলেন রাজস্থানের বাসিন্দা। অঙ্কিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা গিয়েছে, ক্যাম্পাসের নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে কোনও ভাবে নীচে পড়ে যান অঙ্কিত। নিরাপত্তারক্ষীরা তাঁকে দেখতে পেয়ে আহত অবস্থায় বিসি রায় হাসপাতালে নিয়ে যান।

পুলিশ সূত্রের খবর, অঙ্কিত চারতলা থেকে নীচে পড়ে গিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কীভাবে চারতলা থেকে ওই ছাত্র পড়ে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। সূত্রের খবর, নালন্দা বিল্ডিংয়ে অঙ্কিতের ক্লাস ছিল। চারতলা থেকে অসাবধানতাবশত নীচে পড়ে যান নাকি ঝাঁপ মারেন, তা খতিয়ে দেখছে পুলিশ।


ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) বুশারা বানো। তিনি বলেন, ‘এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। চারতলা থেকে পড়ে গিয়েছিলেন। ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি আইআইটি কর্তৃপক্ষ। তবে এই ঘটনা প্রথম নয়।

আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক, হাইকোর্টে স্বস্তি অধরা

এর আগেও খড়্গপুর আইআইটিতে এমন ঘটনা ঘটেছে। যেখানে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছিল। সেই মামলায় একাধিক নির্দেশ দিলেও আজ পর্যন্ত তার কোনও রহস্য উদঘাটন করতে পারেনি তদন্তকারী আধিকারিকরা। এবার অঙ্কিতের মৃত্যুর রহস্য উদঘাটন হয় কি না, এখন সেটাই দেখার।