‘আমি আবার ফিরে আসব’, কুণালের পাশে বসে সরাসরি জানিয়ে দিলেন সাংসদ প্রসূণ

MP Prasun Banerjee Photo-SNS

ঋতমূলের থেকে যেমন বিধায়করা একে একে ফিরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তেমন এনসিপিআই দলে গিয়েও এবার ঘরওয়াপসির পালা শুরু হয়ে গেল। আর এটা কোনও সূত্রের খবর নয়। খোদ সাংসদ নিজে মুখে শুক্রবার সংবাদমাধ্যমের সামনে তা দাবি করলেন। এই ঘটনা সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে তোলপাড় কাণ্ড শুরু হয়ে গিয়েছে। এখন এনসিপিআই ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ পাঁচজন সাংসদ তলে তলে আগেই যোগাযোগ করেছিলেন কালীঘাটের সঙ্গে। এবার নিজে মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসার কথা জানিয়ে দিলেন হাওড়ার সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়।

এদিকে মমতা তৃণমূলে ফিরছেন এনসিপিআই দলে থাকা সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়। কলকাতায় প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজে মুখেই সে কথা বললেন প্রসূণ। খেলার মাঠে ব্যাকভলি যেমন মারতে জানতেন তিনি তেমন রাজনীতিতে স্ট্রাইকারের ভূমিকা নিলেন তিনি। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। এই অনুষ্ঠানেই মমতা তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে বসেন প্রসূণ বন্দ্যোপাধ্যায়। এমনকী সেখানে হাজির ছিলেন ঋতমূলের সদস্য মদন মিত্র। তিনি রাজনীতি ছাড়বেন বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেছেন। কিন্তু ঋতব্রত শিবির থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার কথা এখনও ঘোষণা করেননি।

অন্যদিকে শুক্রবার বিবাদীবাগে প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠান হয়। এদিন তাঁর জন্মদিনও বটে। সেই অনুষ্ঠানে এসেছেন নানা রাজনৈতিক দলের নেতারা। সেখানেই হাজির হন প্রসূনবাবুও। তাঁকে মমতা শিবিরের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের পাশেই বসে থাকতে দেখা গিয়েছে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তিনি অন্য দলে আছেন বটে। তবে শীঘ্রই ফিরবেন। এই কথা এখন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। সমাজমাধ্যমে এটাই এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। মাত্র পাঁচ মাসে মোহভঙ্গ হয়ে গিয়েছে প্রসূণের। আসলে এনসিপিআই দলে গিয়ে খুব একটা লাভ হয়নি। সরাসরি বিজেপিতে যেতে পারেননি। আবার সাংসদ পদ খারিজ হতে পারে তাঁর। এই আবহে ফিরে আসাই শ্রেয় মনে করেছেন তিনি।


তাছাড়া ঋত শিবিরের নেতা মদন মিত্রও তাৎপর্যপূর্ণভাবে মমতা তৃণমূল নিয়ে সদর্থক মন্তব্য করেছেন। কামারহাটির বিধায়কের বক্তব্য, ‘আমরা খুব খুশি হয়েছি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত অভিষেককে সরিয়ে কুণাল এবং কল্যাণের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। আমার মনে হয় এরকমভাবে চললে, তৃণমূলের ভবিষ্যৎ বদলে যেতে পারে।’ ঠিক কী বলেছেন হাওড়ার সাংসদ? এদিন প্রসূণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খেলার ময়দানে দল পালটেছি অনেকবার। এখন একটা রাজনৈতিক দলে আছি ঠিকই। তবে আমি আবার ফিরে আসব।’