অভিষেককে আবার তলব করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ, বাড়িতে পৌঁছল নোটিস

MP Abhishek Banerjee Photo-SNS

বিলবোর্ড কাণ্ডে আবার ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এল পুলিশ। রবিবাসরীয় দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নোটিস দিতে যায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। আর তাদের সঙ্গে ছিল কালীঘাট থানার পুলিশও। সোমবারই হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদকে। অভিষেকের বাড়িতে গিয়ে নোটিস ধরিয়েছে শেক্সপিয়র সরণি থানার অফিসাররা। গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বিলবোর্ড খুলতে গেলে কলকাতা পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে সাংসদের বিরুদ্ধে। কলকাতা পুরসভার এফআইআরের ভিত্তিতেই এদিন তাঁকে নোটিস দিতে যায় পুলিশ। রবিবার পুলিশ গেলে ২০ মিনিট অপেক্ষার পর বাড়ির সদর দরজা খোলা হয়।

সোমবার সকাল ১০টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছে। গত ২৭ আগস্ট ওই বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে মহিলা পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় তিনটি মামলা দায়ের হয় শেক্সপিয়র সরণি থানায়। আগেও কলকাতা পুরসভার দায়ের করা একটি মামলায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৃণমূল সাংসদকে। কলকাতা পুরসভার আরও একটি এফআইআরের ভিত্তিতে গত বুধবার অভিষেকের কালীঘাটের বাড়িতে যান শেক্সপিয়র থানার পুলিশকর্মীরা। অভিযোগপত্রে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ করা হয় বলে সূত্রের খবর। যদিও বুধবার বাড়িতে কেউ না থাকায় নোটিস দিতে পারেননি পুলিশকর্মীরা।

এবার রবিবার বারবেলায় কলকাতা পুরসভারই আর একটি মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দিল পুলিশ। তার মধ্যে দুটি মামলায় বিএনএস আইনের অধীনে জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশ মনে করছে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। রবিবার তাই ১২১ নম্বর কালীঘাট রোডে অভিষেকের বাড়িতে পৌঁছয় পুলিশ।


তাছাড়া অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। ধস্তাধস্তিতে পুলিশকর্মীরা সিঁড়িতে পড়ে যান। পুরকর্মীদের বাধা দেওয়া হয়। মারধর করা হয়। কলকাতা পুরসভার দাবি ওই বিলবোর্ডটি ‘বেআইনি’। যদিও শেষ পর্যন্ত বিলবোর্ড খুলে দেয় কলকাতা পুরসভা। পুলিশ এবং পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল। অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কলকাতা পুরসভা। ওই অভিযোগের ভিত্তিতেই আবার মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। অভিষেক কি সোমবার যাবেন? সময় বলবে।