‘যা জানতে চেয়েছে উত্তর দিয়েছি’, চার ঘণ্টা পর ভবানীপুর থানা থেকে বেরিয়ে তোপ অভিষেকের

MP Abhishek Banerjee Photo-ANI

ইডি-সিবিআইয়ের তলব হোক বা থানা-পুলিশের নোটিস তিনি হাজিরায় সাড়া দিয়েছেন। আগামী দিনেও ডাকলে যাবেন। চার ঘণ্টা ভবানীপুর থানায় পুলিশের প্রশ্নের মুখোমুখি হয়ে বেরিয়ে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভবানীপুর থানা থেকে বেরিয়ে অভিষেক স্পষ্ট জানান, তিনি কোনও তদন্ত এড়াননি। আগামী ২০ তারিখ গিরিশ পার্ক থানার তলবেও তিনি হাজির হবেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়ে প্রশ্ন তোলেন, নারদা কাণ্ডে টাকা নিতে দেখা গেলেও শুভেন্দু কখনও থানায় হাজিরা দেননি। সেখানে রাজনৈতিকভাবে পেরে না উঠে তাঁকে বারবার হেনস্তা করা হচ্ছে। আর কেন গুজরাতি গ্যাং বলেছিলেন সেটার ব্যাখ্যা পুলিশকে দিয়েছেন বলেও জানিয়েছেন।

এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দু’দিন আগে সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। ওই পোস্টে তিনি ‘গুজরাতি গ্যাং’ বলে উল্লেখ করেছিলেন। শনিবার তা নিয়ে পুলিশের তলবে সাড়া দেন। তারপর চার ঘণ্টা ভবানীপুর থানায় প্রশ্নের মুখোমুখি হয়ে বেরিয়ে অভিষেকের তোপ, ‘আমি কেন গুজরাতি গ্যাং বলেছিলাম তার ব্যাখ্যা দিয়ে এসেছি। কিন্তু নারদ মামলায় কেন শুভেন্দু অধিকারীকে ডাকা হয়নি বা হচ্ছে না? আইন ও তদন্তের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে। পুলিশ বা তদন্তকারী সংস্থা যখনই আমাকে ডেকেছে আমি সবসময় সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব। রাজনৈতিকভাবে লড়তে না পেরে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও চাপ সৃষ্টি করা হচ্ছে। আগামী ২০ তারিখ গিরিশ পার্ক থানার তলবেও হাজিরা দেব।’

অন্যদিকে তদন্তের মুখোমুখি হওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অভিষেক। ডায়মন্ডহারবারের সাংসদ সুর সপ্তমে তুলে বলেন, ‘রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে কখনও বুলডোজার, কখনও পুলিশ কেস এবং মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হচ্ছে। গত ৫ বছরে কেউ শুভেন্দু অধিকারীকে নাক-কান কাটা নির্লজ্জের মতো নারদায় টাকা নেওয়ার পরও একবার থানায় হাজিরা দিতে বা সিবিআইয়ের কাছে হাজিরা দিতে দেখেনি। কিন্তু আমাকে গত ৬ মাসে, রাজ্য সরকার বদলের পর ইডি, সিবিআইয়ের কাছে একাধিকবার যেতে দেখেছে। আমি কোনও তদন্ত এড়িয়ে যাইনি। আমাকে ভবিষ্যতেও যদি ডাকে, আমি যাব। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমি সহযোগিতা করব।’


তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করেছিলেন। তার প্রেক্ষিতেই এদিন তলব করা হয়েছিল। এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিষেকের জবাব, ‘আমার যতটা সামর্থ্য রয়েছে আমি সহযোগিতা করেছি। যা জানতে চেয়েছে উত্তর দিয়েছি। আমি আগেও বলেছি, এখনও বলছি বিজেপি বাংলা বিরোধী। বিজেপি নেতাদের মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। বিজেপি নেতারা বলেছে, বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা আছে। আমি বিজেপি নেতা অমিত মালব্যের পোস্টের কথা তুলে ধরে ‘গুজরাতি গ্যাংয়ের’ কথা বলেছি। গরিব মানুষের পেটে যেন আঘাত না পড়ে। যারা এখানে ফুটপাথ জুড়ে কাজ করছে, তাদেরকে দয়া করে তুলবেন না। আপনার বুলডোজার চালাতে হলে আমার বাড়ির উপর চালান। আগামী ২০ নভেম্বর গিরিক পার্ক থানায় আমি যাব।’