অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে এবার তলব করল কলকাতা পুরসভা। শুক্রবার অমিত বন্দ্যোপাধ্যায় আলিপুর এলাকায় পুরসভার দপ্তরে হাজিরা দিতে পারেন বলে সূত্রের খবর। অভিষেকের বাবা যে বাড়িতে বসবাস করেন সেই সংক্রান্ত নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে। কালীঘাট এলাকায় থাকা দু’টি বাড়ির নথি দেখতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে। ওই বাড়ি দুটি আদৌ নিয়ম মেনে তৈরি হয়েছে কিনা সেটা জানতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কলকাতা পুরসভা। শুক্রবার নথিপত্র নিয়ে তিনি যেতে পারেন কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে বলে সূত্রের খবর।
এদিকে রাজ্যে পালাবদলের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ সামনে আসছে। কালীঘাটে নিয়ম না মেনে বাড়ি তৈরি থেকে শুরু করে বেআইনি নির্মাণ হয়েছে আমতলার পার্টি অফিসে বলে অভিযোগ উঠেছে। আসল নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে কালীঘাটের বাড়িতে বলে অভিযোগ তোলা হয়েছে। এই বিষয়টি নিয়ে কদিন আগে পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিষেকের বাড়ির সামনে মাপজোক করে আসেন। কলকাতা পুরসভার ৪০১ ধারায় নোটিসও দেওয়া হয় পরিবারের সদস্যদের। সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা এবং মা। তাঁদের দাবি, ২৯ সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধভাবেই নির্মিত। কালীঘাট রোডের বাড়ি নির্মাণের ক্ষেত্রেও কোনও গরমিল নেই।
অন্যদিকে এই দাবি করার পরই এবার এসেছে তলব। কোন নথির ভিত্তিতে এমন দাবি করা হচ্ছে সেটা জানতে চান পুরসভার অফিসাররা। সেসব জানাতেই নথি নিয়ে শুক্রবারই হাজির হচ্ছেন অমিত বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা অমিত এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা বাড়ি দুটি বৈধভাবে নির্মিত বলে দাবি করে কলকাতা পুরসভার নোটিস খারিজের আবেদন জানিয়েছিলেন।
তাছাড়া এই তলব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানউতোর। যদিও এই প্রসঙ্গে মমতা অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আগে অভিষেক বলেছিলেন, এই বাড়ি দুটির কোনওটিই তাঁর নামে নয়। তাঁর বাবা-মায়ের নামে রয়েছে বাড়ি দুটি। সেখানে যদি কোনও অবৈধ নির্মাণ থাকে তাহলে তা ভেঙে দেওয়া হোক। কোনও আপত্তি নেই তাঁর। আর অভিষেকের সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিও কলকাতা পুরসভার নজরে এসেছে। তাই ওই সংস্থাকেও নোটিস দেওয়া হয়েছে। ওই সংস্থার অন্যতম ডিরেক্টর অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়।