‘জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে’, বড় দাবি করলেন অভিষেক

MP Abhishek Banerjee Photo-SNS

জোড়াফুল কার দখলে থাকবে? তৃণমূল কংগ্রেস নাম কি ফিরে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে রাজ্য-রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে। ইতিমধ্যেই ঋতব্রত শিবিরের পক্ষ থেকে ৯ ট্রাক নথি পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনে। জবাব তিনটি পাঞ্জাব লরিতে নথি নিয়ে নির্বাচন কমিশনে দিয়ে এসেছেন মমতা শিবিরের সাংসদরা। তার সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুতরাং দলের নাম-প্রতীক নিয়ে দুই শিবিরের মধ্যে জোর আলোচনা চলছে। এই আবহে বুধবার বড় দাবি করেছেন মমতা শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই এখন স্নায়ুর চাপ বেড়ে গিয়েছে ঋত শিবিরের। ইতিমধ্যেই ঋত শিবিরে ভাঙন ধরিয়ে ৩২ জন বিধায়কের হলফনামা জমা দিয়েছে মমতা শিবির।

এদিকে তৃণমূল কংগ্রেস আর জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, তাঁরই থাকবে বলে দাবি করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। বুধবার এভাবেই দলত্যাগী বিধায়কদের দাবি নস্যাৎ করে বিরাট দাবি করলেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এমন দাবি করলেন? কোন সূত্রে এমন খবর পেলেন তিনি? এত আত্মবিশ্বাস কোথা থেকে মিলল? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। ৩২ জন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক, মেঘালয়ের পাঁচজন বিধায়ক এবং অসমের একজন বিধায়কের হলফনামা জমা দিয়েছে মমতা শিবির। তার সঙ্গে ১৭ জন সাংসদের হলফনামাও রয়েছে বলে দাবি মমতা শিবিরের। একই সঙ্গে বিপুল পরিমাণ কর্মী-সমর্থকের হলফনামাও জমা পড়েছে।

অন্যদিকে এই বিপুল পরিমাণ হলফনামা জমা পড়ার পর অভিষেকের দাবি সকলকে চমকে দিয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। বরং দুই পক্ষকে নিয়ে মুখোমুখি বসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তার মধ্যেই সবাইকে চমকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘⁠সাতদিন দাঁড়ান। কী ভাবে থানায় হলফনামা তৈরি হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, বলবেন। আর বড় পর্দায় আপনাদের সকলকে সাক্ষী রেখে সেটা দেখাব।’ এই সাতদিনের অপেক্ষার পিছনে কোন খেলা আছে সেটা খোলসা করেননি তিনি। তাহলে নির্বাচন কমিশনের কোনও সূত্র সাংসদকে খবর দিয়েছেন? এই প্রশ্নও উঠতে শুরু করেছে।


তাছাড়া এদিন সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, দলের প্রতীক-নাম কারা পাবে বলে মনে করছেন? জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাতদিন খালি দাঁড়ান, জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে। কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন বাকিটা বলবে, আর বড় পর্দায় আপনাদের সকলকে সাক্ষী রেখে দেখাবো।’