তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে নিজস্ব দ্বীপ কেনার অভিযোগ তুলে বোমা ফাটালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এখানেই থেমে থাকেননি তিনি। মদনের দাবি, বিনয় মিশ্র-সহ অভিষেকের ঘনিষ্ঠরা সেখানে থাকেন। আসন্ন পুরসভা নির্বাচনে অংশ না নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই দ্বীপে গিয়ে থাকার পরামর্শ দিলেন মদন। ওই দ্বীপে গিয়ে ১-২ বছর অভিষেককে থাকার পরামর্শ দেন কালারফুল নেতা।
ভারতে অপরাধ করে নীরব মোদী, মেহুল চোকসি, বিনয় মিশ্ররা নানা সময়ে ওই ভানুয়াতুতে গিয়ে আশ্রয় নেন বলে অভিযোগ আছে। ওই ভানুয়াতুতেই আস্ত একটি দ্বীপ কিনে রেখেছেন অভিষেক? এমন প্রশ্ন এখন উঠতে শুরু করেছে রাজ্য-রাজনীতির আঙিনায়। কারণ মদন মিত্র বলেন, ‘এবারের পুরসভার ভোটটা ছেড়ে দিন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে আবার দেখা হবে। অভিষেকের চোখের চিকিৎসার জন্য আমেরিকা সফর এবং চার্টার্ড বিমানের ব্যবহার করেন। এখানে আর্থিক অনিয়ম আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেকের হাত থেকে দলের দায়িত্ব নিয়ে নিতে হবে। সামনের নির্বাচনে অভিষেক রাজনীতির ময়দানে না থাকলে তৃণমূলের ভাবমূর্তি অনেক ভাল হবে। তাই অভিষেক যেন নিজের ওই দ্বীপে চলে যান। ভানুয়াতুতে অভিষেকের দ্বীপ আছে।’
মদনের অভিযোগ, নদী, নদীর চর খেয়েছেন অভিষেক। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। মমতাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করে না। অভিষেকের জন্য সবাইকে ভুলে গিয়েছেন তিনি। অভিষেকের কাছ থেকে যেন পার্টির দায়িত্বটা নিয়ে নেন তিনি। মদন মিত্রের এই বিস্ফোরক বক্তব্যকে সম্পূর্ণ গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায় পাল্টা আক্রমণ করে বলেন, ‘মদন মিত্রের বক্তব্যের কোনও ধারাবাহিকতা নেই। কোন পরিস্থিতিতে তিনি এসব বলেছেন সেটা খতিয়ে দেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি পাশে না থাকলে মদন মিত্র ওয়ার্ডের কাউন্সিলরও হতে পারতেন না। ভারতীয় জনতা পার্টিকে খুশি করতেই তিনি এখন দলনেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিষোদগার করছেন।’
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হতেই দল ভেঙে খান খান হয়ে যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৃথক শিবির গড়ে ওঠে। সেখানে চলে যান মদন মিত্র। তারপর থেকেই নানা আক্রমণ শানিয়েছেন তিনি। এবারও সেটাই করলেন। এই বিষয়ে বিজেপির নেতা সায়ন্তন বসু অবশ্য দাবি করেন, ‘অভিষেকের গতিবিধি মদন মিত্র অনেক আগে থেকেই জানতেন। তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বিপন্ন বলেই জাহাজ ডুবতে দেখে তিনি দলের অভ্যন্তরীণ কথা প্রকাশ্যে ফাঁস করে বাঁচতে চাইছেন।’